- Home
- India News
- LPG Gas: রান্নার গ্যাসে বড় বদল! ১৪ কেজির বদলে এবার ১০ কেজির সিলিন্ডার, কী সিদ্ধান্ত কেন্দ্রের?
LPG Gas: রান্নার গ্যাসে বড় বদল! ১৪ কেজির বদলে এবার ১০ কেজির সিলিন্ডার, কী সিদ্ধান্ত কেন্দ্রের?
LPG Cylinder: ১৪.২ কেজির সিলিন্ডার কি বন্ধ করছে কেন্দ্র? নতুন গ্যাস সংযোগে এখন শুধুই ১০ কেজির সিলিন্ডার, খরচ ৪,৮৫৩ টাকা। ভরতুকিও উধাও! বিস্তারিত জানুন।

নতুন সংযোগে এখন শুধুই ১০ কেজির সিলিন্ডার
এখন নতুন গ্যাস সংযোগ নিতে গেলে গ্রাহকের জন্য বরাদ্দ হচ্ছে ১০ কেজির সিলিন্ডার, ১৪.২ কেজির নয়। তেল-গ্যাস সংস্থাগুলির কিছু কর্মকাণ্ডের পর থেকেই প্রশ্ন উঠছে, এই ১০ কেজির সিলিন্ডারই কি এবার সাধারণ মানুষের ভবিতব্য হতে চলেছে? তাও আবার ভরতুকি ছাড়া? রান্নার গ্যাস নিয়ে সাধারণ পরিবারের উদ্বেগ তাই নতুন করে বাড়ছে।

ইরান যুদ্ধের 'অজুহাতে' মার্চ থেকে বন্ধ নতুন সংযোগ
গত মার্চ মাস থেকেই ইরান যুদ্ধের 'অজুহাতে' গ্যাসের নতুন সিলিন্ডারের সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। অজুহাত বলার কারণ, কেন্দ্রের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে যে জ্বালানিতে কোনও ঘাটতি নেই। ঘাটতি না থাকলে নতুন সংযোগ আটকে রাখা হল কেন, সেই প্রশ্নের স্পষ্ট জবাব এখনও মেলেনি।
দুটি বুকিংয়ের ব্যবধান ২৫ থেকে বেড়ে ৪৫ দিন
জ্বালানিতে ঘাটতি নেই বলা সত্ত্বেও দুটি সিলিন্ডারের মধ্যে বুকিংয়ের মধ্যবর্তী সময়সীমা ২৫ দিন থেকে বাড়িয়ে ৪৫ দিন পর্যন্ত নিয়ে গিয়েছিল সংস্থাগুলি। এর ফলে গ্রাহকদের রিফিলের জন্য আগের চেয়ে অনেক বেশি অপেক্ষা করতে হয়েছে। এর পাশাপাশি বাজারে পুরোদমে চলে আসে ১০ কেজির সিলিন্ডার।
১০ কেজির সিলিন্ডারের দাম ১,৬৬৭ টাকা
বাজারে ১০ কেজির সিলিন্ডার আসার পর ভাবটা ছিল এমন যে, বাড়তি প্রয়োজন হলে এটাই কিনুন। কিন্তু এর দাম ১ হাজার ৬৬৭ টাকা। সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে এই অঙ্ক নিঃসন্দেহে বড় বোঝা। ফলে সুবিধা দেওয়ার নামে চাপ বাড়ানো হচ্ছে কি না, সেই প্রশ্নও উঠছে।
নভেম্বরে নতুন সংযোগ নিলে খরচ ৪,৮৫৩ টাকা
চলতি নভেম্বরেই কেউ নতুন সংযোগ নিতে গেলে তাঁকে দিতে হবে ৪ হাজার ৮৫৩ টাকা। রিফিলের খরচও প্রায় ১৭০০ টাকা। অর্থাৎ নতুন গ্রাহকের ক্ষেত্রে শুরুতেই বড় অঙ্কের খরচ, আর তার পরেও প্রতিবার রিফিলে চড়া দাম গুনতে হচ্ছে।
১৪.২ কেজির হিসাবে ১০ কেজির দাম হওয়া উচিত ছিল প্রায় ৬৮২ টাকা
১৪.২ কেজির সিলিন্ডার এখন পাওয়া যাচ্ছে ৯৬৮ টাকায়। সেই হিসাবে ১০ কেজির সিলিন্ডারের দাম হওয়া উচিত ছিল ৬৮২ টাকার আশপাশে। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। গ্রাহককে কিনতে হচ্ছে প্রায় আড়াই গুণ দামে। ওজন অনুপাতে দামের এই বিপুল ফারাকই সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।
২০০ টাকা ছাড় ও ২৫০ টাকা ডিসকাউন্ট 'চুপিসারে' উধাও
১০ কেজির সিলিন্ডারে দুটি সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছিল। প্রথমত, ২০০ টাকা ছাড়। দ্বিতীয়ত, নতুন কানেকশনে ২৫০ টাকা ডিসকাউন্ট। এই সুবিধা ডিসেম্বর পর্যন্ত পাওয়ার কথা ছিল। কিন্তু ডিস্ট্রিবিউটরদের দাবি, কেন্দ্র চুপিসারে সেই সুবিধা তুলে নিয়েছে। ফলে ১৪.২ কেজির সিলিন্ডার বন্ধ এবং সঙ্গে ভরতুকিও যাচ্ছে কি না, সেই আশঙ্কা জোরালো হচ্ছে।
নতুন সংযোগ চালু করলে ডিস্ট্রিবিউটরদের ইনসেন্টিভ
গ্রাহকের সুবিধা তুলে নিয়ে এবার ইনসেন্টিভ দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউটরদের। মাসে সর্বোচ্চ ৫টি সিলিন্ডারের নতুন সংযোগ চালু করলে সিলিন্ডার পিছু ১২৫ টাকা। ৬ থেকে ১০টির ক্ষেত্রে ১৫০ টাকা। আর ১০০টির বেশি সংযোগ দিতে পারলে সিলিন্ডার পিছু ২৫০ টাকা করে পাবেন তাঁরা।
সিলিন্ডার বিক্রিতেও ইনসেন্টিভ, 'পুশ সেল' নিয়ে প্রশ্ন
শুধু নতুন সংযোগ নয়, সিলিন্ডার বিক্রির ওপরও ইনসেন্টিভের ব্যবস্থা হয়েছে। ১০ থেকে ২০টি বিক্রি করলে সিলিন্ডার পিছু ১২৫ টাকা, ২১ থেকে ৫০টিতে ১৫০ টাকা এবং ৫১টি বা তার বেশি হলে ২০০ টাকা। প্রশ্ন উঠছে, ডিস্ট্রিবিউটররা কি গ্রাহককে চড়া দামে সংযোগ নিতে বা সিলিন্ডার কিনতে চাপ দেবেন? অর্থাৎ এটা কি 'পুশ সেল'? তেল সংস্থাগুলি জানিয়েছে, ডিস্ট্রিবিউটররা চাইলে এই সুবিধা গ্রাহককে দিতে পারেন, তবে তাঁরা বাধ্য নন। পুরো বিষয়টি ঐচ্ছিক।
১৪.২ কেজির সংযোগ কবে? উত্তর নেই ডিস্ট্রিবিউটর ও সংস্থার কাছে
যাঁরা ১০ কেজির সিলিন্ডার নিতে চান না, তাঁরা কবে ১৪.২ কেজির নতুন সংযোগের আবেদন করতে পারবেন, তার উত্তর নেই ডিস্ট্রিবিউটরদের কাছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিও নীরব। সম্প্রতি ডিস্ট্রিবিউটরদের সর্বভারতীয় সংগঠনের কর্তারা কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে দেখা করলেও সদুত্তর মেলেনি। বরং স্পষ্ট করা হয়েছে, চড়া দামে জ্বালানি আমদানির আর্থিক চাপ কমানোর 'ব্যবস্থা' খুঁজছে সরকার। ১৪.২ কেজির সিলিন্ডারে সরকারকে ২০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত ভরতুকি দিতে হয়, ১০ কেজিতে সেই ঝামেলা নেই। বরং লাভের অঙ্ক বেশি।

