Lucknow Crime: লখনউতে মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার গোমতী নগর এলাকায় নিজের স্ত্রীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এরপর সে নিজের বোনকেও গুলি করে এবং শেষে আত্মহত্যা করে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার লখনউয়ের গোমতী নগর এলাকায় এক মহিলা ব্যাঙ্ককর্মীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে খুন করার পর ওই ব্যক্তি নিজের বোনকেও গুলি করে এবং শেষে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটে গোমতী নগর থানা এলাকার বিবেক খণ্ডের একটি আইসিআইসিআই ব্যাঙ্কের কাছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

লখনউয়ে খুন

এর কিছুক্ষণ পরেই পুলিশ আরও একটি গুলির খবর পায়। পুলিশ উসরিয়া মোড়ের কাছে ঘটনাস্থলে পৌঁছে মানব বাজপেয়ী নামে ওই মহিলার স্বামীকে মৃত অবস্থায় উদ্ধার করে। তাঁর বোনকেও ঘটনাস্থলে আহত অবস্থায় পাওয়া যায়।

ডিসি-ইস্ট দীক্ষা শর্মা জানান, ওই ব্যক্তি প্রথমে তাঁর স্ত্রী ও বোনকে গুলি করে, তারপর নিজে আত্মহত্যা করে।

"আজ গোমতী নগর থানা এলাকায় এক মহিলাকে গুলি করার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে পারে যে মহিলার স্বামীই তাঁকে গুলি করেছে। এর কিছুক্ষণ পরেই খবর আসে যে এক ব্যক্তি তার বোনকে খুন করে নিজে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। পরে যাচাই করে জানা যায়, এই ব্যক্তিই মানব বাজপেয়ী, যে তার স্ত্রী ও বোনকে খুন করে আত্মহত্যা করেছে," বলেন ডিসিপি। জয়েন্ট পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) বাবলু কুমার বলেন, আইসিআইসিআই ব্যাঙ্কের কাছে গুলি চলার খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়।

ঘটনাস্থলে পুলিশ

"আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুর্ভাগ্যবশত তাঁকে মৃত ঘোষণা করা হয়। তদন্ত চলাকালীন আমরা উসরিয়া মোড়ে আরও একটি গুলির খবর পাই। পুলিশ সেখানে গিয়ে দেখে, ব্যাঙ্কের কাছে গুলিবিদ্ধ হওয়া মহিলার স্বামী সেখানে থাকতেন। তিনি আত্মহত্যা করেছেন। তাঁর বোনকেও ঘটনাস্থলে আহত অবস্থায় পাওয়া যায়," কুমার বলেন।

তিনি আরও জানান, মানবের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি লম্বা মেসেজ পাওয়া গিয়েছে। সেখানে সে লিখেছে যে সে তার স্ত্রীকে খুন করেছে এবং এরপর তার বোন ও নিজেকেও শেষ করে দেবে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি বেআইনি অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়া মানবের বাড়ি থেকে মোট তিনটি অস্ত্র পাওয়া গিয়েছে।

মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার কারণ জানতে পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।