NCP SP MPs meet PM Modi: মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে নিত্যনতুন সমীকরণের জল্পনার মধ্যেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন শরদ পাওয়ারের দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি-এসপি)-র আটজন লোকসভা সাংসদ।
NCP SP MPs meet PM Modi: সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলী ঘোষ দস্তিদারদের পর এবার প্রধানমন্ত্রীর দরবারে ইন্ডিয়া শিবিরের দল এনসিপি (শরদ পাওয়ার)-এর সাংসদরা। মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতে নিত্যনতুন সমীকরণের জল্পনার মধ্যেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন শরদ পাওয়ারের দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি-এসপি)-র আটজন লোকসভা সাংসদ। আজ, সোমবার দিল্লির সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বেলা ১১টা নাগাদ শুরু হওয়া এই সাক্ষাৎ প্রায় ১৫ মিনিট ধরে চলে। জোর জল্পনা, প্রয়াত ভাইপো অজিত পাওয়ার পথ ধরেই এনডিএ-তে চলে যেতে পারে শরদ পাওয়ারের এনসিপি।
তাহলে কি শরদ পাওয়ারের দলও এনডিএ-তে?
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি-এসপি-র দলনেত্রী সুপ্রিয়া সুলে ছাড়াও উপস্থিত ছিলেন ডঃ অমোল কোলহ্যের মতো সাংসদরা। দীর্ঘ দিন ধরে চলা রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এই বৈঠক নিয়ে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে তীব্র কৌতূহল। কিন্তু সম্পূর্ণ বিষয়টিতে জল ঢেলে দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এটি নেহাতই সৌজন্যমূলক এবং সম্পূর্ণ অরাজনৈতিক একটি বৈঠক ছিল। মহারাষ্ট্রের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয় বলে সুপ্রিয়া জানান।
সুপ্রিয়া সুলের বার্তা ও বৈঠকসূচি
সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে দ্রুত সাক্ষাতের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান সুপ্রিয়া সুলে। এর পাশাপাশি রাজনৈতিক গুঞ্জন এড়াতে তিনি স্পষ্ট করে দেন,"এটি অত্যন্ত সাধারণ ও দিনের আলোয় হওয়া একটি আনুষ্ঠানিক বৈঠক, কোনো গোপন আলোচনা নয়। যেহেতু লোকসভার অধিবেশন ঠিকমতো চলছিল না, তাই আমরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে এলাকার সমস্যাগুলো তুলে ধরার জন্য সময় চেয়েছিলাম।"


