ভারতের সূর্য ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের তৈরি প্রিয়াগোল্ড বিস্কুট নিষিদ্ধ করল নেপাল। মান খারাপ হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেপালের খাদ্য সুরক্ষা দফতর ব্যবসায়ীদের বিক্রি বন্ধ করে বাজার থেকে বিস্কুট তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতে এফএসএসএআই (FSSAI) এই প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরেই নেপাল এই পদক্ষেপ করল।

নেপাল ভারতের সূর্য ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের তৈরি প্রিয়াগোল্ড বিস্কুটের আমদানি, বিক্রি এবং বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নেপালের খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষ এই বিস্কুটের মান অত্যন্ত খারাপ বলে জানিয়েছে। সোমবার নেপালের ডিপার্টমেন্ট অফ ফুড টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল (DFTQC) একটি বিজ্ঞপ্তি জারি করে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এই বিস্কুট কেনাবেচা বন্ধ করতে বলেছে। ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) খাদ্য সুরক্ষা বিধি ভাঙার অভিযোগে ওই প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। তার পরেই নেপাল এই সিদ্ধান্ত নিল। নেপালের ওই দফতর জানিয়েছে, জনস্বাস্থ্য ও ক্রেতাদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।

বাজার থেকে প্রিয়াগোল্ড বিস্কুট তুলে নেওয়ার নির্দেশ নেপালের

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএফটিকিউসি-র ডিরেক্টর জেনারেল সঞ্জীব কুমার কর্ণের উদ্যোগে একটি জরুরি ভার্চুয়াল বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দফতরটি সমস্ত সংশ্লিষ্ট সংস্থা, ব্যবসায়ী এবং ক্রেতাদের এই বিস্কুট আমদানি না করার এবং বিক্রি ও বিতরণ বন্ধ করার অনুরোধ করেছে। পাশাপাশি, অনুমোদিত আমদানিকারক এবং খাদ্য ব্যবসায়ীদের বাজার থেকে মজুত থাকা সমস্ত বিস্কুট অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে এই বিস্কুটগুলোকে নিম্নমানের বলে উল্লেখ করা হয়েছে। ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থার নেওয়া পদক্ষেপকেই এই নিষেধাজ্ঞার ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। সূর্য ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের তৈরি প্রিয়াগোল্ড বিস্কুটের আমদানি, বিক্রি এবং বিতরণের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে FSSAI

ভারতে এফএসএসএআই (FSSAI) সূর্য ফুড অ্যান্ড অ্যাগ্রোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছে। অভিযোগ, প্রিয়াগোল্ড বিস্কুট তৈরিতে গবাদি পশুর খাবারের ভুসি ব্যবহার করা হচ্ছিল। কর্তৃপক্ষের মতে, কোম্পানির কাজকর্ম পরিদর্শনের সময় খাদ্য সুরক্ষা এবং পরিচ্ছন্নতার ক্ষেত্রেও গুরুতর গাফিলতি চোখে পড়েছে। রিপোর্ট অনুযায়ী, এফএসএসএআই ওই প্রস্তুতকারক সংস্থার লাইসেন্স স্থগিত করেছে। ভারতীয় নিয়ন্ত্রক সংস্থার এই কড়া পদক্ষেপের পরেই নেপাল এই বিস্কুট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।