আমেরিকা থেকে প্রত্যর্পণের পর দিল্লির আইজিআই বিমানবন্দর থেকে সুরিন্দর সিং ওরফে ঠিকরওয়াল নামের এক খলিস্তান জিন্দাবাদ ফোর্স (KZF) সমর্থককে গ্রেপ্তার করল এনআইএ। গত এপ্রিলে পাঞ্জাবের রাজপুরা-শম্ভু রেললাইন বিস্ফোরণে সে জড়িত ছিল।

আমেরিকা থেকে প্রত্যর্পণের পর বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (IGI) বিমানবন্দর থেকে খলিস্তান জিন্দাবাদ ফোর্সের (KZF) এক সমর্থককে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। এনআইএ জানিয়েছে, আমেরিকার প্রশাসন সুরিন্দর সিং ওরফে ঠিকরওয়ালকে আটক করেছিল। এরপর মার্কিন সরকারের সঙ্গে সমন্বয় করে তাকে ভারতে ফেরত পাঠানো হয়।

চলতি বছরের ২৭ এপ্রিল শম্ভু ও রাজপুরা স্টেশনের মাঝে ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (DFCCIL) রেললাইনে (কিমি নম্বর ১১৭৪-৫) একটি বিস্ফোরণ ঘটে। সেই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। খলিস্তানি সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়াতে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এবং পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

এনআইএ তদন্তে জানতে পেরেছে, রাজপুরা-শম্ভু রেললাইন বিস্ফোরণের পর ঠিকরওয়াল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে এই ঘটনার প্রশংসা ও সমর্থন করেছিল। তদন্তকারী সংস্থা আরও জানায়, ওই ভিডিওতে অপরাধমূলক ষড়যন্ত্রের পেছনে থাকা অভিযুক্তদের প্রতি সমর্থন জানিয়েছিল ঠিকরওয়াল। যার মধ্যে মৃত জগরুপ সিংও ছিল, যে বিস্ফোরণ ঘটাতে গিয়ে মারা যায়। এনআইএ-র কথায়, “নিষিদ্ধ জঙ্গি সংগঠন খলিস্তান জিন্দাবাদ ফোর্সকে সে 'কওমি সংগঠন' বলে উল্লেখ করেছিল। পাশাপাশি ডেজিগনেটেড ইন্ডিভিজুয়াল টেররিস্ট (DIT) রঞ্জিত সিং ওরফে নিটাকে 'কওমের জেনারেল' বলেছিল।”

তদন্ত চলাকালীন অভিযুক্তের বিরুদ্ধে একটি লুক আউট সার্কুলার (LOC) জারি করেছিল এনআইএ। তাছাড়া পাঞ্জাবের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও দায়ের করা আছে। এই গ্রেপ্তারি নিয়ে রাজপুরা-শম্ভু বিস্ফোরণ মামলায় এখনও পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করল এনআইএ। বিদেশে বসে থাকা সন্ত্রাসবাদী ও তাদের সহযোগীদের মধ্যে বাড়তে থাকা আঁতাত ভাঙতে এবং তাদের অর্থ ও পরিকাঠামো ধ্বংস করতে তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় এই সংস্থা।