প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে রওনা দিয়েছেন। এই সফরে তিনি ফ্রান্সের নিস শহরে 'ভারত ইনোভেটস' অনুষ্ঠানের উদ্বোধন করবেন, জি৭ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং স্লোভাকিয়া সফর করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ফ্রান্স ও স্লোভাকিয়া—এই দুটি দেশ সফরে রওনা দিয়েছেন। এই সফরে তিনি দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং জি৭ শীর্ষ সম্মেলনের মতো আন্তর্জাতিক মঞ্চে অংশ নেবেন।

এই প্রথম স্লোভাকিয়ায় ভারতীয় প্রধানমন্ত্রী
এই সফরের একটি বড় আকর্ষণ হলো স্লোভাকিয়া ভ্রমণ। ১৯৯৩ সালে দেশটি স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন, যা এই সফরকে একটি ঐতিহাসিক মাত্রা দিয়েছে।
ভারত ইনোভেটস-এর উদ্বোধন করবেন মোদী
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ একটি পোস্টে এই সফরের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ফ্রান্সের নিস শহরে 'ভারত ইনোভেটস' অনুষ্ঠানের উদ্বোধন করবেন, এভিয়ানে জি৭ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং প্যারিসে ভিভাটেক অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরে রওনা দেওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী একটি বিবৃতিতে বলেন, "ভারতের কৌশলগত পরিকল্পনায় ফ্রান্সের একটি বিশেষ স্থান রয়েছে।" তিনি আরও বলেন, "এই বছরের শুরুতে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ভারত সফরে এসেছিলেন এবং আমরা আমাদের সম্পর্ককে একটি বিশেষ বিশ্বব্যাপী কৌশলগত অংশীদারিত্বে (Special Global Strategic Partnership) উন্নীত করেছি। নিস-এ যখন আমি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দেখা করব, তখন আমরা ফেব্রুয়ারির পর থেকে হওয়া অগ্রগতির পর্যালোচনা করব এবং আমাদের সহযোগিতার পরবর্তী পদক্ষেপগুলো ঠিক করব। আমাদের পারস্পরিক স্বার্থ জড়িত, এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমি মুখিয়ে আছি।"
মোদীর বার্তা
প্রধানমন্ত্রী জানান, তিনি ১৪ জুন, ২০২৬ তারিখে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে নিস-এ 'ভারত ইনোভেটস' অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তাঁর কথায়, "ভারত-ফ্রান্স উদ্ভাবন বর্ষের (India-France Year of Innovation) আবহে এই যুগান্তকারী অনুষ্ঠানটি ভারতের সবচেয়ে সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে বিশ্বব্যাপী বিনিয়োগের সঙ্গে যুক্ত করবে। ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসা উদ্ভাবনগুলিতে গতি আনতে এটি একটি বড় ভূমিকা নেবে।"
নিস থেকে তিনি ১৪-১৫ জুন, ২০২৬ স্লোভাক রিপাবলিকে রাষ্ট্রীয় সফরে যাবেন। এই ঐতিহাসিক সফর প্রসঙ্গে মোদী বলেন, "আমি ব্রাতিস্লাভায় প্রেসিডেন্ট পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করছি। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির (India-EU Free Trade Agreement) আবহে এই সফর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে।"
এরপর জি৭ সম্মেলন নিয়ে তিনি বলেন, "স্লোভাকিয়া থেকে আমি এভিয়ানে যাব, যেখানে আমি ১৬ এবং ১৭ জুন জি৭ শীর্ষ সম্মেলনে অংশ নেব। এই নিয়ে পরপর আটবার জি৭ শীর্ষ সম্মেলনে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। জি৭-এ ভারত শুধু নিজের কথাই বলবে না, বরং গ্লোবাল সাউথের (Global South) আকাঙ্ক্ষারও কণ্ঠস্বর হবে।"
সফরের শেষে, ১৮ জুন প্যারিসে ভিভাটেক ২০২৬-এ যোগ দেবেন মোদী। এটি ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি ও উদ্ভাবনী সম্মেলন। মোদী বলেন, "এই সংস্করণে ভারতের প্যাভিলিয়নটি হবে সবচেয়ে বড়, যা ভারতীয় ও ইউরোপীয় উদ্ভাবনী ইকোসিস্টেমের মধ্যে অংশীদারিত্বের বিশাল সম্ভাবনার প্রতীক।"
বিশেষজ্ঞদের মতে, জি৭ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থিতি 'গ্লোবাল সাউথ'-এর প্রধান মুখ হিসেবে ভারতের গুরুত্বকে আরও একবার প্রমাণ করবে। অন্যদিকে, 'ভারত ইনোভেটস' এবং ভিভাটেক-এর মতো মঞ্চে ভারতের অংশগ্রহণ দেশকে উদ্ভাবন ও প্রযুক্তির ক্ষেত্রে একটি গ্লোবাল হাব হিসেবে তুলে ধরবে। আশা করা হচ্ছে, এই সফরের ফলে ভারত, ফ্রান্স এবং ইউরোপের প্রযুক্তি সংস্থাগুলোর মধ্যে নতুন সহযোগিতার রাস্তা খুলবে।


