প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়েছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, এই বিতর্ক হলে মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। পাশাপাশি, সোনিয়া গান্ধীর বইয়ের সমালোচকদেরও কটাক্ষ করেছেন তিনি।
লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়েছেন। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে তিনি দাবি করেন, 'আসল দেশবিরোধী কে, তা দেশকে দেখাতে চাই।'
আবার মোদীকে বিতর্কে আহ্বান রাহুল গান্ধীর
রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্কের দাবি ফের উসকে দিয়ে দাবি করেছেন, এই ধরনের বিতর্ক হলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। 'আমি বারবার এটা বলছি। আমার কথা মিলিয়ে নেবেন, প্রধানমন্ত্রী যদি আমার সঙ্গে বিতর্কে বসেন, তাহলে তাঁর রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে। তিনি সেটা জানেন, আর আমিও জানি,' অভিযোগ করেন রাহুল। তিনি আরও বলেন, 'উনি আমাকে বারবার দেশবিরোধী বলেন। আমি গোটা দেশকে দেখাতে চাই আসল দেশবিরোধী কে, কে কার দ্বারা নিয়ন্ত্রিত, আর কতদিন ধরে। আর উনি এর সত্যিটা জানেন।' রাহুল আরও দাবি করেন, প্রধানমন্ত্রী এখন তাঁর সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে অনেক সতর্ক হয়ে গিয়েছেন, যা তাঁর ভয়েরই প্রতিফলন। 'একটা জিনিস খেয়াল করে দেখুন। ওঁর মনে একটু ভয় ঢুকেছে, কারণ উনি আর আমাকে নিয়ে কোনও মন্তব্য করছেন না। উনি আর আমাকে আক্রমণ করছেন না। উনি এখন খুব, খুব সতর্ক। এর পিছনে একটা কারণ আছে, বন্ধুরা।'
মায়ের লেখা বই নিয়ে রাহুলের তোপ
কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর বই 'বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ'-এর সমালোচকদেরও একহাত নিয়েছেন রাহুল। তাঁর দাবি, যাঁরা এই বইয়ের সমালোচনা করছেন, তাঁরা আসলে বইটির জনপ্রিয়তা বাড়াচ্ছেন। কংগ্রেসের এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে রাহুল বলেন, 'আপনারা যত মন্তব্য করবেন, বইটার তত ভালো হবে।' তিনি এমনও বলেন যে, সমালোচকদের অনেকেই গোপনে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর প্রশংসা করেন। সমালোচনা করা সত্ত্বেও তাঁরা বইটি না পড়ে থাকতে পারছেন না এবং মন্তব্যও করছেন। রাহুল বলেন, 'কারণ এটা একটা দারুণ বই, আর ওরা সবাই এটা পড়ছে। ওরা এটা না পড়ে থাকতে পারছে না, আর তারপর ওদের মন্তব্য করতেই হচ্ছে। ওদের অনেকেই আসলে গোপনে ওঁকে পছন্দ করে, এবং মনে করে উনি অসাধারণ, কিন্তু দুর্ভাগ্যবশত ওরা সেটা বলতে পারে না।'
বইয়ের সমালোচকদের খোঁচা দিয়ে তিনি তাঁদের আরও মন্তব্য করার পরামর্শ দিয়েছেন। বলেছেন, তাঁদের সমালোচনাই বইটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে সাহায্য করছে।
'ভক্তদের' আহ্বান রাহুল গান্ধীর
'আর একটা কথা, সব ভক্তদের বলছি, দয়া করে, দয়া করে, দয়া করে ওঁর বই নিয়ে মন্তব্য করতে থাকুন, কারণ আপনারা যত মন্তব্য করবেন, বইটার তত ভালো হবে, বুঝতে পারলেন বন্ধুরা? জোরদার সমালোচনা করুন, আক্রমণাত্মক হোন, খারাপ কথা বলুন, কারণ এটাই ওঁকে সাহায্য করছে, ঠিক আছে? ধন্যবাদ, বন্ধুরা।'
ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুলের
এর আগে, তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর উপর নজরদারি চালানোর মতো গুরুতর অভিযোগ এনেছিলেন। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ফোন ট্যাপ করাচ্ছেন। পাশাপাশি ফের একবার প্রধানমন্ত্রীকে তাঁর সঙ্গে প্রকাশ্য বিতর্কে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল। 'প্রধানমন্ত্রী এটা জানেন কারণ উনি আমার ফোন ট্যাপ করিয়েছেন। যেদিন উনি মুখোমুখি বিতর্কে রাজি হবেন, সেদিন সবাই জেনে যাবে কে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, কে দেশবিরোধী, এবং কতদিন ধরে তারা দেশবিরোধী কার্যকলাপে যুক্ত,' কংগ্রেসের এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা বলেছেন, প্রধানমন্ত্রী মোদী যে 'বিদেশি শক্তির' দ্বারা নিয়ন্ত্রিত, তার প্রমাণ তাঁর ফোনেই রয়েছে। তাই প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানেন প্রমাণটা কী। 'যে মুহূর্তে উনি (প্রধানমন্ত্রী মোদী) প্রকাশ্য বিতর্কে আসবেন, সবাই জেনে যাবে কে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, কে দেশবিরোধী, কতদিন ধরে, আর আরও অনেক খুঁটিনাটি যা আমি জানি আর আমার ফোনে রয়েছে,' বলেন রাহুল।ভোটার তালিকার বিশেষ সংশোধনী (Special Intensive Revision) নিয়ে বিজেপি ও বিরোধী দলগুলির মধ্যে রাজনৈতিক সংঘাতের আবহে রাহুলের এই মন্তব্য প্রকাশ্যে এল। বৃহস্পতিবার কংগ্রেস নেতার চ্যালেঞ্জ গ্রহণ করে অমিত শাহ তাঁকে সংসদে এই ইস্যুটি তোলার পালটা চ্যালেঞ্জ ছুড়েছেন।














