রাজস্থানের টঙ্ক জেলায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়ের পরেই গ্রাম থেকে খুলে নেওয়া হল প্রায় ৫০টি LED স্ট্রিট লাইট। ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। যদিও বিদ্যুৎ দফতরের দাবি, বেআইনি বিদ্যুৎ সংযোগের কারণেই এই পদক্ষেপ। রাজস্থানের টঙ্ক জেলার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের ঘটনা।
রাজস্থানের টঙ্ক জেলায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়ের পরেই গ্রাম থেকে খুলে নেওয়া হল প্রায় ৫০টি LED স্ট্রিট লাইট। ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। যদিও বিদ্যুৎ দফতরের দাবি, বেআইনি বিদ্যুৎ সংযোগের কারণেই এই পদক্ষেপ। রাজস্থানের টঙ্ক জেলার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। রনোলি গ্রাম পঞ্চায়েতের অধীন কুমহারোঁ কি ঢানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা এলাকায় প্রায় ৫০টি LED স্ট্রিট লাইট বসানো হয়েছিল। স্থানীয়দের দাবি, নিওয়াইয়ের বিজেপি বিধায়ক রামসহায় ভার্মার ব্যক্তিগত সহকারী অলোক শর্মার উদ্যোগে দীপাবলির আগে ওই লাইটগুলি বসানো হয়েছিল। পঞ্চায়েত সমিতির নির্বাচনে ওই সহকারীর স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা বিজেপির প্রার্থী হয়েছিলেন। কিন্তু নির্বাচনে তিনি পরাজিত হন।
গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পরেই স্ট্রিট লাইট খুলে নেওয়ার কাজ শুরু হয়। তাঁদের আশঙ্কা, ভোটে হারের প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ। গ্রামবাসীদের বাধার মুখেও বিদ্যুৎ দফতরের ফাল্ট রিপেয়ার টিম কুমহারোঁ কি ঢানি এলাকায় প্রায় ১০টি খুঁটি থেকে স্ট্রিট লাইট খুলে নেয়। বাকি প্রায় ৪০টি খুঁটির লাইট খোলার কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। কারণ, নতুন নির্বাচিত সরপঞ্চরা বিদ্যুতের বিল মেটানোর আশ্বাস দিয়েছেন।
কী বলছে বিদ্যুৎ দফতর?
জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের (JVVNL) আধিকারিকদের দাবি, বিদ্যুতের খুঁটিতে বেআইনিভাবে সংযোগ দিয়ে ওই লাইটগুলি বসানো হয়েছিল। বিষয়টি সামনে আসার পরেই সেগুলি সরানোর উদ্যোগ নেওয়া হয়। এই ঘটনায় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। কে বা কারা লাইটগুলি বসিয়েছিলেন এবং কীভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হবে।
রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার বিধায়কের
নিওয়াইয়ের বিধায়ক রামসহায় ভার্মা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, দীপাবলির আগে প্রার্থীরা লাইটগুলি বসিয়েছিলেন। পরে বিদ্যুতের বিল সংক্রান্ত সমস্যা সামনে আসায় দফতর পদক্ষেপ করেছে। সব মিলিয়ে, নির্বাচনে হার-জিতের সঙ্গে গ্রামের সাধারণ মানুষের নাগরিক পরিষেবা জড়িয়ে পড়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজস্থানে। তদন্তে কী উঠে আসে, এখন সেটাই দেখার।














