Babri Mosque: মুর্শিদাবাদে বাবরি মসজিদের নামে মসজিদ নির্মাণ বন্ধ করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আবেদনকারীর দাবি ছিল, বাবর 'হিন্দু-বিরোধী' হওয়ায় তাঁর নামে মসজিদ তৈরি হতে পারে না। এই মসজিদটি প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর তৈরি করছেন। 

ভারতে বাবর বা বাবরি মসজিদের নামে কোনও মসজিদ তৈরি করা যাবে না। এমনই নিষেধাজ্ঞা চেয়ে দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আবেদনকারীর যুক্তি ছিল, মুঘল শাসক বাবর ছিলেন একজন "হিন্দু-বিরোধী আক্রমণকারী" এবং বহু হিন্দুকে হত্যার জন্য তিনি দায়ী। তাই তাঁর নামে মসজিদ তৈরি হতে পারে না। সম্প্রতি মুর্শিদাবাদেই সাসপেন্ডেট তৃণমূল বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর একটি মসজিদ নির্মাণ করছেন। যার নাম দেওয়া হয়েছে বাবরি মসজিদ। মূলত সেই মসজিদ যাতে তৈরি করা না যায় তার জন্যই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আবেদনকারী।

বাবরি মসজিদ মামলা খারিজ সুপ্রিম কোর্টের

বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ আবেদনকারীর সংক্ষিপ্ত বক্তব্য শোনার পরেই মামলাটি খারিজ করে দেয়। শুনানির সময় আবেদনকারীর আইনজীবী বিশেষভাবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি মসজিদের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাবর একজন নিষ্ঠুর হিন্দু-বিরোধী আক্রমণকারী হওয়া সত্ত্বেও মুর্শিদাবাদে বাবরি মসজিদের নামে একটি মসজিদ তৈরি করা হচ্ছে।

হুমায়ুন কবীরের মসজিদ

প্রসঙ্গত, জন উন্নয়ন পার্টির প্রধান তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর ২০২৫ সালের ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে এই বাবরি মসজিদ তৈরির শিলান্যাস করেন। তিনি ঘোষণা করেন, "বাংলার ৩৭ শতাংশ মুসলিম জনসংখ্যা যে কোনও মূল্যে এই মসজিদ তৈরি করবে, এর একটা ইটও কেউ সরাতে পারবে না।"

হুমায়ুন কবীরের প্রতিক্রিয়া

হুমায়ুন কবীর নিজের সাংবিধানিক অধিকারের কথা উল্লেখ করে বলেন যে তিনি অসাংবিধানিক কিছু করছেন না। তাঁর কথায়, "যে কেউ মন্দির বা গির্জা তৈরি করতে পারে, আমিও পারি।" হুমায়ুন কবীর জোর দিয়ে বলেন যে আইনি চ্যালেঞ্জ দিয়ে মসজিদের নির্মাণ কাজ আটকানো যাবে না। তিনি বলেন, "আমার বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়েছে, কিন্তু আল্লাহ যার সঙ্গে আছেন, তাকে কেউ থামাতে পারে না। ভারতের সংবিধানেও স্পষ্ট লেখা আছে যে কেউ মসজিদ তৈরি করতে পারে; এটা একটা অধিকার। আদালতও তাই বলেছে।"

গত ২ জানুয়ারি হুমায়ুন কবীর জানান, বাবরি মসজিদের পাশাপাশি একটি হাসপাতাল এবং একটি বিশ্ববিদ্যালয়ও তৈরি করা হবে। মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে তিনি বলেন, "এখানে বাবরি মসজিদ হবে, হাসপাতাল হবে, বিশ্ববিদ্যালয় হবে এবং মানুষের সুবিধার জন্য নানা ব্যবস্থা করা হবে...।"