UP Budget 2026: আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা ভোট। তার আগে একেবারে কল্পতরুর ভূমিকায় মুখ্যমন্ত্রী যোগী। যোগীর বাজেটে বেশ কয়েকটি বড় চমক থাকল। তার মধ্যে অন্যতম হল, রাজ্যের সমস্ত মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটার দেওয়ার ঘোষণা
UP Budget 2026: উত্তর প্রদেশের বাজেটে বড় চমক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা ভোট। তার আগে একেবারে কল্পতরুর ভূমিকায় মুখ্যমন্ত্রী যোগী। যোগীর বাজেটে বেশ কয়েকটি বড় চমক থাকল। তার মধ্যে অন্যতম হল, রাজ্যের সমস্ত মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটার দেওয়ার ঘোষণা। এই কারণে রানী লক্ষ্মী স্কুটি যোজনায় ৪০০ কোটি টাকা বরাদ্দ করল UP সরকার। সব মিলিয়ে উত্তর প্রদেশে মোট ৯১ লক্ষ ১২ হাজার ৬৯৬ কোটি টাকার বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ খান্না। যোগী সরকারের এটি দশম বাজেট। রাজ্য বাজেটে যোগী আদিত্যনাথের সবচেয়ে বড় ঘোষণা হল ডিজিটাল সশক্তিকরণ নিয়ে। ইউপি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের যুবকদের ৪০ লক্ষ নতুন ট্যাবলেট এবং স্মার্টফোন বিতরণ করা হবে। এই কাজ স্বামী বিবেকানন্দ যুব সশক্তিকরণ যোজনার অধীনে করা হবে। এই যোজনার সম্প্রসারণের জন্য ২৩৭৪ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। সরকারের দাবি, এখন পর্যন্ত প্রায় ৪৯ লক্ষ ৮৬ হাজার যুবককে বিনামূল্যে ট্যাবলেট এবং স্মার্টফোন দেওয়া হয়েছে।
মহিলাদের জন্য বড় ঘোষণা
উত্তর প্রদেশের বাজেটে মহিলাদের জন্য জব প্লেসমেন্ট সেন্টার খোলার কথা ঘোষণা করা হয়েছে। সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করতে মহিলাদের জন্য আলাদা চাকরি সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে, যা প্রশিক্ষণ ও চাকরির সুযোগের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। ২০২৫-২৬ অর্থবর্ষে ৫৮,০০০ গ্রাম পঞ্চায়েতে কর্মরত ৩৯,৮৮০ জন মহিলাদের (ব্যাংকিং করেসপন্ডেন্ট মহিলা এজেন্ট) ৩৯,০০০ কোটির বেশি আর্থিক লেনদেন সম্পন্ন করেছেন এবং প্রায় ১০৭ কোটি লাভ অর্জন করেছেন। রাজ্যের প্রায় ৬০ হাজার মহিলা আখচাষিকে জীবিকা সহায়তার লক্ষ্যে আখ ক্রয় রসিদ প্রদানে অগ্রাধিকার দেওয়া হবে।
আর কী কী ঘোষণা
নয়া প্রকল্পের অধীনে মহিলাদের নেতৃত্বে ৫টি দুধ উৎপাদক সংস্থা গঠিত হয়েছে। গোরক্ষপুর, বারেলি ও রায়বারেলি জেলায় ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে; প্রয়াগরাজ ও লখনউয়ে প্রস্তাব প্রক্রিয়াধীন। বিভিন্ন জায়গায় ও কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা বাড়াতে মহিলা পুলিশ বিট, সিসিটিভি নজরদারির বিস্তার এবং অ্যান্টি-রোমিও স্কোয়াডের ব্যবস্থা জোরদার করা হবে।


