Wedding Return Gift: মালা বদল, ব্যান্ড পার্টি, জমকালো ভোজ, সবই ছিল সেই বিয়ের অনুষ্ঠানে। বিয়ের রিটার্ন গিফট হিসেবে গোটা গ্রামের প্রত্যেকের জন্য দেওয়া হল দুর্ঘটনা বিমা! মহারাষ্ট্রের এক গ্রামের এই ব্যতিক্রমী উদ্যোগ এখন আলোচনার কেন্দ্রে।
Wedding Return Gift: বিয়ে তো প্রায়ই রোজ দেশের কোথাও না কোথাও হয়। কিন্তু এই বিয়েটা একেবারে গোটা দেশের নজর কেড়ে নিল। মালা বদল, ব্যান্ড পার্টি, জমকালো ভোজ, সবই ছিল সেই বিয়ের অনুষ্ঠানে। সবাই বিয়েতে নেমন্তনে এসে গিফট বা উপহারও নিয়ে এসেছিলেন। কিন্তু অতিথিদের বিদায় উপহার বা 'রিটার্ন গিফট' হিসেবে যা দেওয়া হল, তা শুনে চমকে গিয়েছে গোটা দেশ। বিয়ের রিটার্ন গিফট হিসেবে গোটা গ্রামের প্রত্যেক বাসিন্দার জন্য দেওয়া হল দুর্ঘটনা বিমা! মহারাষ্ট্রের এক গ্রামের এই ব্যতিক্রমী উদ্যোগ এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে। বিয়েতে নিমন্ত্রিত ছিল গোটা গ্রাম। আর গোটা গ্রামের মোট ৩ হাজার ৪৬৫ জন গ্রামবাসীদের প্রত্যেকের নামে ১ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা উপহার দিলেন বরের পরিবার। সব মিলিয়ে যার মোট মূল্য প্রায় ৩৪ কোটি ৬৫ লক্ষ টাকা।

প্রত্যেকের নামে ১ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা উপহার
মহারাষ্ট্রের মারাঠওয়াড়া অঞ্চলের নান্দেড় শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে কন্ধার তালুকের বাহাদরপুরা গ্রামে এই অভিনব ঘটনার সাক্ষী থাকলেন বাসিন্দারা। গ্রামের যুবক সিদ্ধেশ্বর পেঠকরের বিয়ে ছিল উপলক্ষ, কিন্তু সেই অনুষ্ঠানকে তিনি ও তাঁর পরিবার পরিণত করলেন সামাজিক নিরাপত্তার এক অনন্য উদ্যোগে। জানা গিয়েছে, বিয়ের স্মৃতি হিসেবে অতিথিদের কোনও প্রচলিত উপহার নয়, বরং বাহাদরপুরা গ্রামের প্রতিটি পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় পাত্রের পরিবার। গ্রামের মোট ৩,৪৬৫ জন বাসিন্দার প্রত্যেকের নামে করা হয়েছে ১ লক্ষ টাকার দুর্ঘটনা বিমা। সব মিলিয়ে যার মোট মূল্য প্রায় ৩৪ কোটি ৬৫ লক্ষ টাকা।
দেখুন ছবিতে
গ্রামবাসীরা দারুণ খুশি
এই উদ্যোগের ফলে গ্রামের প্রতিটি মানুষ ভবিষ্যতে দুর্ঘটনাজনিত বিপদের ক্ষেত্রে আর্থিক সুরক্ষার আওতায় আসবেন। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, জীবনে বহু বিয়ে দেখেছেন, কিন্তু বিয়ের উপহার হিসেবে এমন সামাজিক উদ্যোগ আগে কখনও দেখেননি। গ্রামের বাসিন্দাদের কাছে দিনটি শুধু বিয়ের আনন্দের দিন হয়ে থাকেনি, বরং নিরাপত্তা ও আশ্বাসের দিন হিসেবেও স্মরণীয় হয়ে উঠেছে। অনেকেই এই ঘটনাকে সমাজের প্রতি দায়বদ্ধতার নজির হিসেবে দেখছেন।


