বাড়ির ইলেকট্রিক মিটারে সবুজ, হলুদ ও লাল আলো কেন জ্বলে, এগুলোর কাজ কী?
বাড়িতে বিদ্যুতের বিল এলেই সবার আগে নজর যায় কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, তার দিকে। অনেকেই জানেন না, বাড়ির বিদ্যুৎ মিটারে থাকা ছোট ছোট আলো থেকেও বিদ্যুৎ সরবরাহ ও খরচ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
বাড়িতে বিদ্যুতের বিল এলেই সবার আগে নজর যায় কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, তার দিকে। কিন্তু কখনও যদি হঠাৎ বিল বেশি চলে আসে, তখন প্রশ্ন ওঠে—এত বিদ্যুৎ খরচ হল কীভাবে? অনেকেই জানেন না, বাড়ির বিদ্যুৎ মিটারে থাকা ছোট ছোট আলো থেকেও বিদ্যুৎ সরবরাহ ও খরচ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ডিজিটাল বিদ্যুৎ মিটারে সাধারণত সবুজ, লাল, নীল বা হলুদ রঙের আলো দেখা যায়। প্রতিটি আলোর আলাদা অর্থ থাকতে পারে। তবে মিটার কোন সংস্থার এবং কোন মডেলের, তার উপর আলোগুলির কাজ কিছুটা আলাদা হতে পারে।

মিটারে থাকা সবুজ আলো সাধারণত বোঝায় যে মিটারে বিদ্যুতের সরবরাহ রয়েছে। অর্থাৎ মিটার বিদ্যুৎ পাচ্ছে। বাড়িতে বিদ্যুৎ থাকা অবস্থায় এই আলো জ্বললে সাধারণত চিন্তার কারণ নেই। তবে বিদ্যুৎ থাকা সত্ত্বেও এই আলো নিয়ে কোনও অস্বাভাবিকতা দেখা দিলে মিটার পরীক্ষা করানো উচিত।
অনেক মিটারে লাল আলোর সঙ্গে বাড়িতে চলা বিদ্যুতের লোড বা খরচের সম্পর্ক থাকে। একই সময়ে এসি, কুলার, ফ্রিজ, মোটর-সহ বেশি বিদ্যুৎ খরচ করে এমন একাধিক যন্ত্র চালালে এই আলো দ্রুত টিমটিম করতে পারে। তবে লাল আলো দ্রুত জ্বলছে বা টিমটিম করছে মানেই মিটার খারাপ—এমনটা নয়। বেশি বৈদ্যুতিক যন্ত্র চললে স্বাভাবিকভাবেই বিদ্যুতের খরচ বাড়ে।
কিছু ডিজিটাল মিটারে নীল আলো বিদ্যুৎ ব্যবহারের পালস হিসেবে কাজ করে। বাড়িতে বিদ্যুৎ খরচ হলে এই আলো জ্বলতে বা টিমটিম করতে পারে। বিদ্যুতের ব্যবহার যত বেশি হবে, মিটার তত দ্রুত খরচের হিসাব করবে এবং এই আলোও তুলনামূলক দ্রুত টিমটিম করতে পারে।
অনেক মিটারে হলুদ আলো সতর্কতা বা অ্যালার্মের সংকেত হিসেবে কাজ করে। অর্থাৎ মিটারে এমন কোনও বিষয় ধরা পড়েছে, যার দিকে নজর দেওয়া প্রয়োজন। তবে হলুদ আলোর নির্দিষ্ট অর্থ মিটারের মডেলের উপর নির্ভর করে। তাই হলুদ আলো যদি একটানা জ্বলতে থাকে এবং মিটারের ডিসপ্লেতে কোনও সতর্কবার্তা দেখা যায়, তাহলে বিদ্যুৎ দফতরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জেনে নেওয়া ভালো।
কিছু স্মার্ট মিটারে ‘Reverse’ নামে একটি আলো থাকে। বিদ্যুতের প্রবাহ উল্টো দিকে গেলে এই আলো জ্বলতে পারে। বিশেষ করে সোলার প্যানেল-যুক্ত সংযোগে এমন সংকেত দেখা যেতে পারে। এই আলো জ্বললেও কারণ বুঝতে না পারলে নিজে মিটার খুলে দেখার চেষ্টা করা উচিত নয়। বিদ্যুৎ দফতরের কর্মীকে দিয়ে মিটার পরীক্ষা করানোই নিরাপদ।
কিছু মিটারে ‘Tamper’ বা ‘Fault’ নামে আলো থাকে। এটি মিটারে কোনও ধরনের কারচুপি বা প্রযুক্তিগত সমস্যার সংকেত দিতে পারে। এই আলো যদি একটানা জ্বলে থাকে বা মিটারের ডিসপ্লেতে কোনও সতর্কবার্তা দেখা যায়, তাহলে বিষয়টি উপেক্ষা করা উচিত নয়। বিদ্যুৎ দফতরের কর্মীকে দিয়ে মিটার পরীক্ষা করানো সবচেয়ে ভালো।