রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু সম্মেলন বা কপ-৩১ এ যোগ দিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়া গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করেন তিনি। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে।

রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকা থেকে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় (স্থানীয় সময়) টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির শীর্ষ নেতারা।

তাদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এসএম জাহাঙ্গীর। এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার। এই সফরে বুধবার আন্তালিয়ায় জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সম্মেলনের ফাঁকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি।

সফর শেষে শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জলবায়ু সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এবারের কপ-৩১ আয়োজন করছে তুরস্ক। এতে রাষ্ট্রসঙ্ঘের সদস্য দেশগুলোর রাষ্ট্রনেতা, সরকারি প্রতিনিধি এবং আলোচকরা অংশ নিচ্ছেন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য অভিযোজন জোরদার এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার পদক্ষেপ নিয়ে আলোচনা হবে এই বৈশ্বিক মঞ্চে।

পাশাপাশি ব্যবসায়িক নেতা, তরুণ সমাজ, জলবায়ু বিজ্ঞানী, আদিবাসী সম্প্রদায় এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেবেন এখানে।
তুরস্কের আয়োজনে এই সম্মেলনে কপ-৩১ প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন মুরাত কুরুম এবং আলোচনার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার ক্রিস বোয়েন।