ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে অনুষ্ঠানে মশাল জ্বালানোর জন্য মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিমান দুর্ঘটনা রুখে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন স্মিত।
ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সঙ্গে অনুষ্ঠানে মশাল জ্বালানোর জন্য মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বিমান দুর্ঘটনা রুখে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন স্মিত। সেই সাহসিকতার স্বীকৃতি দিতেই এই উদ্যোগ। গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে এই ঘটনা ঘটে। ওই বিমানে ১৭৪ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ২৭ জন শিশু ছিলেন। বিমানের ককপিটের ভিতরে সহ-পাইলটের হামলায় গুরুতর জখম হন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। আহত অবস্থাতেও তিনি ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর যাত্রী ও বিমানের কর্মীরা এগিয়ে এসে অভিযুক্ত সহ-পাইলটকে আটক করেন। পরিস্থিতির অবনতি হওয়ায় শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।
মোদীর সঙ্গে কী কথা হল নেতানিয়াহুর?
বৃহস্পতিবার ফোনে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেঞ্জামিন নেতানিয়াহুর। সেই কথোপকথনের পর নেতানিয়াহু সমাজমাধ্যমে জানান, মোদীকে ইজরায়েলের স্বাধীনতা দিবসে মশাল জ্বালানোর অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। নেতানিয়াহুর বক্তব্য অনুযায়ী, আমন্ত্রণের জন্য মোদী তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের সুসম্পর্কের কথাও তুলে ধরেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। নেতানিয়াহু আরও জানান, স্থলভাগ ও আকাশপথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও ইজরায়েল একসঙ্গে লড়াই করছে বলে মন্তব্য করেছেন মোদি।
পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা
প্রধানমন্ত্রীর দফতর (PMO) জানিয়েছে, দুই নেতা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তাঁরা। ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে মোদী জানিয়েছেন, সংঘাতের সমাধানে আলোচনা ও কূটনীতিই এগিয়ে যাওয়ার পথ। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়েও আলোচনা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর দফতরের বিবৃতিতে মশাল জ্বালানোর অনুষ্ঠানের আমন্ত্রণের উল্লেখ ছিল না।
কবে ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান?
ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মশাল জ্বালানো একটি বিশেষ সম্মান। ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের সাহসিকতার স্বীকৃতি হিসেবে তাঁকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কথা আগেই জানিয়েছিলেন নেতানিয়াহু। এবার সেই অনুষ্ঠানে স্মিতের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীকেও আমন্ত্রণ জানালেন তিনি।







