Donald Trump:দেশের শিল্পকে সাবসিডি দিচ্ছে ভারতসহ ১৬টি দেশ। এই দেশগুলোর ওপর এবার শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, এর ফলে আমেরিকার বাজার ক্ষতির মুখে পড়ছে। এই সিদ্ধান্তে বিশ্ব বাণিজ্যে বড় প্রভাব পড়তে পারে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Donald Trump: রাশিয়ার তেল কেনাসহ নানা কারণ দেখিয়ে এর আগে ভারতসহ বিশ্বের একাধিক দেশের ওপর শুল্ক চাপানোর কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরে অবশ্য তিনি চুপ ছিলেন। তবে এখন আবার নতুন যুক্তি দেখিয়ে ভারতসহ ১৬টি দেশের ওপর শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছেন আমেরিকার প্রেসিডেন্ট।
ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে, ভারতসহ ১৬টি দেশ নিজেদের দেশের শিল্পে সাবসিডি দিচ্ছে। এর ফলে এই দেশগুলোর শিল্প উৎপাদন ক্ষমতা বাড়ছে। অন্যদিকে, সস্তা পণ্যের মাধ্যমে আমেরিকার বাজারের ওপর চাপ তৈরি হচ্ছে। তাই এই দেশগুলোর ওপর শুল্ক বাড়াতে চাইছে ট্রাম্প প্রশাসন।
ফের শুল্ক বৃদ্ধি করতে চলেছেন ট্রাম্প!
ট্রাম্প প্রশাসনের দাবি, বিদেশি সরকারগুলোর শিল্প সাবসিডি, ঋণ সুবিধা এবং বাজার নিয়ন্ত্রণের কারণে আমেরিকার উৎপাদকরা সমস্যায় পড়ছেন। তারা আমেরিকার কোম্পানিগুলোর চেয়ে সস্তায় জিনিসপত্র তৈরি করে আন্তর্জাতিক বাজারে ঢুকে পড়ছে। এতে আমেরিকার ক্ষতি হচ্ছে। এই বিষয়ে আমেরিকা তদন্তও করেছিল। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই শুল্ক বাড়ানোর কথা ভাবা হচ্ছে বলে খবর।
রিপোর্টে বলা হয়েছে, এই সিদ্ধান্তের প্রভাব ভারত, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর পড়তে পারে। এই পদক্ষেপে বিশ্ব বাণিজ্যে ফের বড় প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
















