Iran vs USA: হরমুজ প্রণালীর আকাশে আমেরিকার একটি এমকিউ-নাইন (MQ-9) সামরিক ড্রোন গুলি করে নামানোর দাবি করল ইরানের রেভল্যুশনারি গার্ডস (IRGC)। নতুন একটি এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এই ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা।
হরমুজ প্রণালীর আকাশে আমেরিকার একটি এমকিউ-নাইন (MQ-9) সামরিক ড্রোন আটকে গুলি করে নামানোর দাবি করল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)। তাদের এরোস্পেস ফোর্স নতুন একটি আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে এই হামলা চালিয়েছে। আইআরজিসির একটি বিবৃতি উদ্ধৃত করে প্রেস টিভি জানিয়েছে, ইরানি সেনার হাতে ধ্বংস হওয়া এটি ৫৮তম এমকিউ-নাইন ড্রোন।
ইরান সেনা বাহিনীর দাবি
আইআরজিসি জানিয়েছে, তাদের এরোস্পেস ফোর্সের একটি আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনটিকে টার্গেট করে ধ্বংস করেছে। তবে ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি। ইরানের প্রশাসন বারবার স্পষ্ট করে দিয়েছে যে, কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর কড়া নজরদারি চালানো হয়। দেশের আকাশসীমা লঙ্ঘনের যে কোনও চেষ্টা হলে কড়া জবাব দেওয়া হবে।
US MQ9 কী?
এমকিউ-নাইন রিপার হল মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড়তে সক্ষম একটি আনম্যানড এরিয়াল ভেহিকল (UAV)। আমেরিকার সেনা সাধারণত গুপ্তচরবৃত্তি, নজরদারি এবং নির্দিষ্ট টার্গেটে হামলা চালানোর জন্য এটি ব্যবহার করে। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময়েই এই দাবি করা হল। নতুন করে কোনও সামরিক সংঘাত হলে ফল ভুগতে হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আধিকারিকরা।
ইরানের হুঁশিয়ারি
বৃহস্পতিবার আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, যে কোনও সামরিক পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত। কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধ বা 'যুদ্ধও নয় আবার শান্তিও নয়'- এমন অনিশ্চিত পরিস্থিতি তারা মেনে নেবে না।
প্রেস টিভির রিপোর্ট অনুযায়ী মোহেব্বি বলেন, "যুদ্ধও নয় আবার শান্তিও নয়, এমন পরিস্থিতি আমরা মানব না।" তিনি আরও বলেন, হয় যুদ্ধক্ষেত্রেই সব ফয়সালা হবে, নাহলে আমেরিকাকে ইরানের শর্ত মেনে নিতে হবে।
ইরানের অস্ত্র নিয়ে বড় দাবি
ইরানের নিজস্ব এয়ার ডিফেন্স ব্যবস্থার উন্নতির কথাও তুলে ধরেন তিনি। মোহেব্বি জানান, ১২ দিনের যুদ্ধের পর দেশ অন্তত তিনটি নতুন ডিফেন্স সিস্টেম তৈরি করেছে। তিনি বলেন, "নতুন ডিফেন্স সিস্টেমের নকশা ও তৈরির জন্য আমাদের আইআরজিসি এরোস্পেস ফোর্সের সহকর্মীরা দিনরাত এক করে কাজ করেছেন। সুখবর হল, আমরা আজ শুধু একটি নয়, অন্তত তিনটি নতুন সিস্টেম তৈরি করতে পেরেছি।"
এর আগে ১৫ নভেম্বর আইআরজিসি দাবি করেছিল যে, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে আমেরিকার একটি এয়ার ডিফেন্স রেডার সিস্টেমকে টার্গেট করে তারা ছ'টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। অন্যদিকে, সংরক্ষিত সামুদ্রিক এলাকায় নৌ-মাইনে ধাক্কা খেয়ে তেলের ট্যাঙ্কারে আগুন লাগার খবর প্রকাশ্যে আসতেই হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। নির্দিষ্ট ওই সংরক্ষিত এলাকায় প্রবেশ না করার জন্য জাহাজ পরিচালনাকারীদের সতর্ক করেছে ইরানের নৌবাহিনী।
















