শুক্রবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরশাহির বাসিন্দাদের মোবাইলে হঠাৎ মিসাইল হামলার সতর্কবার্তা আসায় তীব্র আতঙ্ক ছড়ায়। তবে, কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিরাপদ বলে জানিয়ে দেয় প্রশাসন। এর কারণ প্রযুক্তিগত ত্রুটি কি না, তা স্পষ্ট নয়। তবে আঞ্চলিক উত্তেজনার আবহে এই ঘটনাটি ঘটেছে।
দুবাই: শুক্রবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) হঠাৎই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষের মোবাইলে একসঙ্গে একটি মেসেজ আসে - মিসাইল হামলা হতে পারে! তবে এই আতঙ্ক ছিল ক্ষণিকের। কয়েক মিনিটের মধ্যেই সরকারের তরফে আরেকটি মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়, দেশ সম্পূর্ণ সুরক্ষিত।

স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার বিকেল ৫:১৫ নাগাদ দুবাই এবং আবু ধাবির বাসিন্দাদের ফোনে সংযুক্ত আরব আমিরশাহির স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি জরুরি নিরাপত্তা সতর্কতা পাঠানো হয়। মেসেজে বলা হয়েছিল, "যত তাড়াতাড়ি সম্ভব কাছাকাছি কোনও নিরাপদ বিল্ডিংয়ে আশ্রয় নিন এবং দরজা-জানলা থেকে দূরে থাকুন।"
এই মেসেজ পাওয়ার পরেই চারিদিকে চাঞ্চল্য তৈরি হয়। কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যেই দ্বিতীয় একটি মেসেজ পাঠিয়ে স্বস্তি ফেরায় প্রশাসন। সেই মেসেজে স্পষ্ট জানানো হয়, দেশে কোনও রকম নিরাপত্তা ঝুঁকি নেই এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। তবে কী কারণে এই সতর্কবার্তা পাঠানো হয়েছিল, তা সরকারিভাবে জানানো হয়নি। প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটা ঘটেছে কি না, তা-ও স্পষ্ট নয়।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ওই অঞ্চলে এমনিতেই কিছুটা উত্তেজনা রয়েছে। সম্প্রতি ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ উঠেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও রাজনৈতিক উত্তেজনা চলছে। এই আবহে আমিরশাহিতে এই ধরনের জরুরি সতর্কবার্তায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। তবে বর্তমানে দুবাইয়ে জনজীবন এবং বিমান পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।


