ভেনিজুয়েলার কারাকাসে দীপাবলি উদ্‌যাপনে যোগ দিলেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। আলোর উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

কারাকাস : ভেনিজুয়েলার কারাকাসে দীপাবলি উদ্‌যাপন করলেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। ভেনিজুয়েলা সরকার এবং ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আলোর উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই অনুষ্ঠানে রড্রিগেজ ছাড়াও মন্ত্রী, পদস্থ সরকারি আধিকারিক এবং কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

দূতাবাস আরও জানিয়েছে, রড্রিগেজ প্রধানমন্ত্রী মোদী এবং ভারতের সাধারণ মানুষকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে ভেনিজুয়েলার শিল্পীরা অনুষ্ঠানে একটি ভারতীয় ধ্রুপদী নৃত্যও পরিবেশন করেন। দূতাবাসের এক্স পোস্টে লেখা হয়েছে, “আলোর উৎসব দীপাবলি উপলক্ষে ভেনিজুয়েলা সরকার এবং দূতাবাস কারাকাসে একটি উদ্‌যাপনের আয়োজন করেছিল। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মহামান্য ডেলসি রড্রিগেজ, মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং কূটনীতিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী @narendramodi এবং ভারতের জনগণকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। ভেনিজুয়েলার শিল্পীদের সুন্দর ভারতীয় ধ্রুপদী নৃত্যও ছিল এই অনুষ্ঠানে।”

এদিকে ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিনও সোশ্যাল মিডিয়ায় তাঁর দীপাবলি উদ্‌যাপনের ঝলক শেয়ার করেছেন। অস্ট্রেলিয়ান হাইকমিশনের সদস্যদের সঙ্গে ভারতে এটিই তাঁর শেষ দীপাবলি। এই দিনটিকে অত্যন্ত বিশেষ বলে উল্লেখ করে গ্রিন বলেন, “হাইকমিশন পরিবারের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন সবসময়ই স্পেশাল। আর হাইকমিশনার হিসেবে ভারতে এটি আমার শেষ দীপাবলি হওয়ায় তা আরও বেশি স্পেশাল হয়ে উঠেছে। আনন্দ, উৎসবের মেজাজ আর প্রচুর নাচের মধ্যে দিয়ে একটা স্মরণীয় দিন কাটল।”

অস্ট্রেলিয়ার বিদেশ ও বাণিজ্য দফতরও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছে। তারা এই উৎসবকে দেশের বহুসাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে বর্ণনা করেছে। পাশাপাশি, যাঁরা এই উৎসব পালন করছেন তাঁদের সবার শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেছে তারা। ভারতে দক্ষিণ কোরিয়ার দূতাবাসও দীপাবলি উপলক্ষে প্রদীপ সাজানোর একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছিল। জেদ্দায় ভারতের কনস্যুলেট জেনারেল শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির বার্তা দিয়েছে।

অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ান (ASEAN)-ও দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। পরিবার পরিজনদের সঙ্গে দীপাবলির আনন্দ উদ্‌যাপন করার বার্তা দিয়েছে তারা। এর আগে আমেরিকা এবং কানাডার ভারতীয় মিশনগুলোও সাংস্কৃতিক অনুষ্ঠান ও জমায়েতের আয়োজন করেছিল। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রবাসী ভারতীয়দের অবদানকে সম্মান জানাতে স্থানীয় জনপ্রতিনিধিরাও এই সব অনুষ্ঠানে অংশ নেন। ৬ নভেম্বর ধনতেরাস এবং ৭ নভেম্বর ছোট দীপাবলির পর ৮ নভেম্বর দীপাবলি ও লক্ষ্মীপুজো পালিত হচ্ছে। আগামী ১০ নভেম্বর গোবর্ধন পুজো এবং ১১ নভেম্বর ভাইফোঁটা পালিত হবে।