ভাইফোঁটায় ভাইয়ের কপালে কোন চন্দন দেবেন? এই নিয়ে অনেকেরই দ্বিধা থাকে। পুরাণ ও জ্যোতিষশাস্ত্র বলছে, সাদা চন্দন শান্তির প্রতীক, আর লাল চন্দন শক্তি ও মঙ্গলের। তাই ভাইফোঁটায় দুটোরই গুরুত্ব আছে, তবে ফোঁটা দেওয়ার সঠিক নিয়ম জানা জরুরি।
ভাইফোঁটায় ভাইয়ের কপালে কোন চন্দন দেবেন? এই নিয়ে অনেকেরই দ্বিধা থাকে। পুরাণ ও জ্যোতিষশাস্ত্র বলছে, সাদা চন্দন শান্তির প্রতীক, আর লাল চন্দন শক্তি ও মঙ্গলের। তাই ভাইফোঁটায় দুটোরই গুরুত্ব আছে, তবে ফোঁটা দেওয়ার সঠিক নিয়ম জানা জরুরি।
সামনেই ভাইফোঁটা। বোনেরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। নতুন জামা, মিষ্টি, উপহার - সবকিছুর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভাইয়ের কপালে ফোঁটা। কিন্তু এই ফোঁটার জন্য কোন চন্দন ব্যবহার করবেন - সাদা না লাল? এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। শাস্ত্র কী বলছে? জেনে নিন সঠিক নিয়ম।
পুরাণ ও জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, সাদা চন্দন হল শান্তির প্রতীক। এটি মনের শীতলতা, পবিত্রতা এবং ধৈর্য বজায় রাখতে সাহায্য করে, নেতিবাচক শক্তি দূর করে এবং মনকে শান্ত রাখে। তাই প্রায় সব পুজো-পাঠেই সাদা চন্দনের ব্যবহার দেখা যায়। অন্যদিকে, লাল চন্দন শক্তি, তেজ এবং মঙ্গলের প্রতীক হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে বৈদিক আচার ও পৌরাণিক উপাখ্যানে দেব-দেবীর আরাধনায়, যেমন হনুমানজি বা মা কালীর পুজোয় লাল চন্দনের ব্যবহার বিশেষভাবে লক্ষ্য করা যায়, যা জীবনে শক্তি ও সুরক্ষা নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়।
তাহলে ভাইফোঁটায় ঠিক কোনটা ব্যবহার করা উচিত? শাস্ত্র মতে, ভাইফোঁটার প্রধান উদ্দেশ্য হল ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা এবং তাঁর জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তির সঞ্চার করা। সেই দিক থেকে বিচার করলে, ভাইফোঁটায় সাদা এবং লাল— উভয় চন্দনই অত্যন্ত শুভ। তবে নিয়ম অনুযায়ী, ফোঁটা দেওয়ার সময় প্রথমে সাদা চন্দন দিয়ে তিলক আঁকা হয়, যা মনকে শান্ত ও পবিত্র রাখে। এরপর তার ঠিক মাঝখানে বা উপরে লাল চন্দন বা সিঁদুরের ফোঁটা দিয়ে শক্তির আশীর্বাদ জানানো হয়। অর্থাৎ, সাদা ও লাল চন্দনের এই মেলবন্ধনই আসলে শান্তি ও শক্তির প্রতীক, যা ভাইয়ের জীবনকে সুরক্ষিত রাখে।
ভাইয়ের কপালে এই নিয়ম মেনে ফোঁটা দেওয়ার সময় বোনরা উচ্চারণ করেন সেই চিরপরিচিত মন্ত্র—“ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা...”। চন্দনের এই পবিত্র পরশ এবং বোনদের আন্তরিক ভালোবাসায় আগামী দিনে ভাইয়ের জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হয়ে উঠুক—ভাইফোঁটার এই দিনটিতেই সেই কামনা করা হয়।














