জন্মাষ্টমী মানেই শুধু উপোস আর ভোগ নয়, শ্রীকৃষ্ণের জীবন থেকে শিক্ষা নেওয়ার দিনও। তিনি শুধু প্রেমিক বা যোদ্ধা ছিলেন না, ছিলেন সম্পর্কের সেরা শিক্ষক। রাধার সঙ্গে প্রেম হোক বা অর্জুনের সঙ্গে বন্ধুত্ব- প্রতিটি সম্পর্ক তিনি নিখুঁতভাবে পালন করেছেন।

শ্রীকৃষ্ণের জীবনটাই একটা সম্পূর্ণ গ্রন্থ। সেখানে প্রেম আছে, বন্ধুত্ব আছে, বিচ্ছেদ আছে, আবার দায়িত্বও আছে। আজকের দিনে যখন ছোট ছোট কারণে সম্পর্ক ভেঙে যায়, তখন কৃষ্ণের জীবন থেকে আমরা ৫টি বড় শিক্ষা নিতে পারি। কৃষ্ণের আনন্দময় ও প্রাণবন্ত স্বভাব থেকে শেখা যায় সম্পর্ক শুধু দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। একসঙ্গে ছোট ছোট মুহূর্ত উপভোগ করা, আনন্দ ভাগ করে নেওয়া এবং হাসিখুশি থাকা সম্পর্ককে আরও গভীর করে।

১. সম্পর্কে স্বাধীনতা দিন, অধিকার নয় - রাধা-কৃষ্ণ থেকে শিক্ষা রাধা ও কৃষ্ণের প্রেম অমর, কিন্তু সেই প্রেমে কখনও বন্ধন ছিল না। কৃষ্ণ রাধাকে বিয়ে করেননি, কিন্তু আজও রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ। এর অর্থ হল, ভালোবাসা মানে আটকে রাখা নয়, মুক্ত করা। যে সম্পর্কে দুজন দুজনকে নিজের মতো করে বাঁচতে দেয়, সেই সম্পর্কই টেকে। সন্দেহ বা অতিরিক্ত অধিকারবোধ সম্পর্ককে দমবন্ধ করে দেয়।

২. বন্ধুর খারাপ সময়ে পাশে থাকুন - কৃষ্ণ-সুদামা থেকে শিক্ষা সুদামা ছিলেন দরিদ্র, কৃষ্ণ তখন দ্বারকার রাজা। তবু বন্ধু এসেছে শুনে কৃষ্ণ খালি পায়ে ছুটে গিয়েছিলেন। সুদামার আনা চালভাজা তিনি পরম তৃপ্তিতে খেয়েছিলেন। শিক্ষা হল, সম্পর্ক টিকিয়ে রাখতে স্ট্যাটাস নয়, আন্তরিকতা লাগে। বন্ধু বা সঙ্গী যখন কঠিন সময়ে থাকে, তখন তার পাশে থাকাই আসল ভালোবাসা।

৩. সম্পর্কে যোগাযোগ ও সঠিক পরামর্শ জরুরি - কৃষ্ণ-অর্জুন থেকে শিক্ষা মহাভারতের যুদ্ধে অর্জুন যখন দিশেহারা, তখন কৃষ্ণ তাঁকে গীতার জ্ঞান দিয়েছিলেন। তিনি অর্জুনকে যুদ্ধ করতে বলেননি, সঠিক পথ দেখিয়েছিলেন। যে কোনও সম্পর্কেও এমনই একজন গাইড হওয়া প্রয়োজন। সঙ্গী ভুল করলে বকাবকি নয়, ঠান্ডা মাথায় সঠিক পরামর্শ দিন। ভালো কমিউনিকেশনই সম্পর্কের ভিত মজবুত করে।

৪. প্রতিশ্রুতি রক্ষা করুন - কৃষ্ণ-দ্রৌপদী থেকে শিক্ষা দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কৃষ্ণ তাঁর সম্মান রক্ষা করেছিলেন। কারণ তিনি কথা দিয়েছিলেন। সম্পর্কে ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করা খুব জরুরি। আজ করব, কাল করব বলে এড়িয়ে গেলে বিশ্বাস ভেঙে যায়। কৃষ্ণ শিখিয়েছেন, কথা দিলে প্রাণ দিয়েও তা রাখতে হয়।

৫. ক্ষমা করতে শিখুন - কৃষ্ণের ক্ষমাশীলতা শিশুপাল কৃষ্ণকে ১০০ বার অপমান করেছিলেন, কৃষ্ণ ১০০ বার ক্ষমা করেছিলেন। সম্পর্ক টিকিয়ে রাখতে ক্ষমা অত্যন্ত জরুরি। প্রতিটি ভুল ধরে বসে থাকলে সম্পর্ক এগোয় না। যেখানে ক্ষমা আছে, সেখানেই প্রেম টেকে।

এই জন্মাষ্টমীতে তাই শুধু তালের বড়া বা মাখন-মিশ্রি নয়, শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলোও নিজের জীবনে মেনে চলুন। দেখবেন সম্পর্ক অনেক বেশি সুন্দর হবে।