তিনবারের এশিয়ান প্যারা গেমসের সোনাজয়ী ভারতীয় প্যারা অ্যাথলিট নীরজ যাদবের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে। ৪২ বছর বয়সি এই অ্যাথলিটের দিল্লির একটি ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে বিষ খেয়ে আত্মহত্য়ার কথা উঠে আসছে। তবে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
তিনবারের এশিয়ান প্যারা গেমসের সোনাজয়ী ভারতীয় প্যারা অ্যাথলিট নীরজ যাদবের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে। ৪২ বছর বয়সি এই অ্যাথলিটের দিল্লির একটি ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে বিষ খেয়ে আত্মহত্য়ার কথা উঠে আসছে। তবে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। দিল্লির গুরু তেগ বাহাদুর (GTB) হাসপাতালে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। উত্তরপ্রদেশের বাসিন্দা নীরজ যাদব ভারতের অন্যতম পরিচিত প্যারা অ্যাথলিট ছিলেন। মাত্র সাত বছর বয়সে পোলিও-পরবর্তী পক্ষাঘাতের সমস্যায় আক্রান্ত হন তিনি। তবে শারীরিক প্রতিবন্ধকতা তাঁর খেলাধুলার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত হুইলচেয়ার টেনিসে অংশ নেওয়ার পর ২০১৫ সালে প্যারা অ্যাথলেটিক্সে যোগ দেন নীরজ। জ্যাভলিন থ্রো, ডিসকাস থ্রো এবং শটপাটে নিজের দক্ষতার পরিচয় দেন তিনি। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে পুরুষদের F55 বিভাগে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন নীরজ। ২৯.৮৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে এশিয়ান রেকর্ডও গড়েছিলেন তিনি। এরপর ২০২৩ সালে চিনের হাংঝৌয়ে আয়োজিত ২০২২ এশিয়ান প্যারা গেমসে আরও দুটি সোনা জেতেন নীরজ। পুরুষদের F55 বিভাগে জ্যাভলিন থ্রো এবং ডিসকাস থ্রোয়ে সোনা জিতে তাঁর পদকসংখ্যা দাঁড়ায় তিনে। ২০২২ সালে মরক্কোর মারাকেশে প্যারা অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি-তেও সোনা জিতেছিলেন তিনি।
ডোপিং বিতর্কে থমকে গিয়েছিল কেরিয়ার
ক্রীড়াজীবনের শেষ পর্বে ডোপিং বিতর্কে জড়িয়ে পড়েন নীরজ। ২০২৩ সালের নভেম্বরে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (NADA) তাঁকে সাময়িকভাবে নির্বাসিত করে। প্রতিযোগিতার বাইরে নেওয়া নমুনায় নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড স্ট্যানোজোলল পাওয়া গিয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়। পরবর্তীকালে নিজের নমুনার ডিএনএ পরীক্ষা করানোর আবেদনও করেছিলেন তিনি। ডোপিং সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে ২০২৬ সালের আইচি-নাগোয়া এশিয়ান প্যারা গেমসে অংশ নিতে পারেননি নীরজ।
ভারতীয় প্যারা অ্যাথলেটিক্স দলের প্রধান কোচ এস সত্যনারায়ণ জানিয়েছেন, নীরজের মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক। তবে তাঁর মৃত্যুর পিছনে ঠিক কী কারণ ছিল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। নিষেধাজ্ঞার কারণে তিনি মানসিক চাপে ছিলেন কি না, তা নিয়ে জল্পনা থাকলেও মৃত্যুর সঙ্গে তার কোনও যোগসূত্র নিশ্চিত হয়নি। নীরজ যাদবের মৃত্যুতে ভারতীয় প্যারা অ্যাথলেটিক্সে এক উল্লেখযোগ্য অধ্যায়ের অবসান হল। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে সাফল্য অর্জন করেছিলেন তিনি।




