Abishek Porel News: বাংলার হয়ে রঞ্জি ট্রফি (Ranji Trophy) এবং দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে আইপিএল-এ (IPL 2026) ভালো পারফরম্যান্স দেখিয়েছেন উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। কিন্তু এই ক্রিকেটার মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে এক অনভিপ্রেত ঘটনায় জড়িয়ে পড়েছেন।
KNOW
Abishek Porel Arrested: ধর্ষণের মামলায় গ্রেফতার হলেন বাংলার ক্রিকেটার তথা দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। এক মেডিক্যাল পড়ুয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার হুগলির মগরা থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে অভিষেকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। পরে তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয় এবং চুঁচুড়া আদালতে পেশ করা হয়। মামলাটি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
অভিষেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
অভিষেকের বিরুদ্ধে মগরা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিষেক তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও রেকর্ড করে তাঁকে ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। অভিযোগে আরও বলা হয়েছে, চলতি বছরের ২ এপ্রিল দিল্লিতে একটি ঘটনার সময় ওই তরুণীকে অভিষেক জোর করে আটকে রাখেন এবং কিছু খেতে দেননি। এর ফলে ওই তরুণী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং ঠিকমতো হাঁটতেও পারছিলেন না বলে অভিযোগ। এমনকী, বিমানের টিকিট থাকা সত্ত্বেও আঘাতের কারণে তাঁকে জরুরি চিকিৎসা নিতে হয় বলে এফআইআর-এ দাবি করা হয়েছে। অভিযোগকারিণীর দাবি, অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এবং দুই পরিবারের মধ্যে তাঁদের বিয়ে নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু পরে অভিষেকের অন্য মহিলাদের সঙ্গে সম্পর্কের কথা জানতে পারার পর পরিস্থিতির অবনতি হয় এবং শেষ পর্যন্ত তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
অভিষেককে গ্রেফতারের নির্দেশ কলকাতা হাইকোর্টের
ঘটনাটি পরে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পর্যন্ত গড়ায়। অভিযোগকারিণী আদালতের দ্বারস্থ হওয়ার পর পুলিশকে অভিষেককে গ্রেফতারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি, অভিযোগকারিণীর ব্যক্তিগত ছবি বা অন্য কোনও গোপনীয় তথ্য যাতে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে অভিষেকের ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয় মগরা থানাকে। তদন্তের অংশ হিসেবে পুলিশ ইতিমধ্যেই একটি পেনড্রাইভ বাজেয়াপ্ত করেছে। সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


