BCCI AGM: শুক্রবার মুম্বইয়ে বিসিসিআই-এর ৯৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আইপিএল গভর্নিং কাউন্সিলে অরুণ সিং ধুমাল এবং এম খায়রুল জামাল মজুমদারকে বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের আইপিএল এবং ২০২৮ সালে বোর্ডের শতবর্ষ উদযাপনের রূপরেখাও তৈরি হয়েছে।

BCCI AGM: শুক্রবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে বোর্ডের ৯৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়ে গেল। ভারতীয় ক্রিকেটের প্রশাসন ও উন্নয়ন নিয়ে এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জেনারেল বডি। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি মিঠুন মিনহাস, সহ-সভাপতি রাজীব শুক্লা এবং বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া। এছাড়াও প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ তিওয়ারি এবং অভিষেক ডালমিয়াও এই বৈঠকে যোগ দেন।

গুরুত্বপূর্ণ নিয়োগ ও আর্থিক সিদ্ধান্ত

এদিনের বৈঠকে অরুণ সিং ধুমাল এবং এম খায়রুল জামাল মজুমদারকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গভর্নিং কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বিসিসিআইয়ের অডিটেড হিসাবনিকাশ গ্রহণ করেছে জেনারেল বডি। ২০২৬-২৭ অর্থবর্ষের বার্ষিক বাজেটও এদিন অনুমোদন করা হয়েছে। সেই সঙ্গে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য অডিটরও নিয়োগ করা হয়েছে।

ভবিষ্যতের রূপরেখা: আইপিএল ও শতবর্ষ উদযাপন

২০২৭ সালে আইপিএলের ২০তম সংস্করণ। এই মাইলফলকটি বেশ বড় করে উদযাপনের পরিকল্পনাও এদিন অনুমোদন করা হয়েছে। তার পাশাপাশি ২০২৮ সালে, বিসিসিআই-এর শতবর্ষ উদযাপনের প্রস্তুতিও শুরু হয়ে গেল। ভারতীয় ক্রিকেটের এই ঐতিহাসিক মুহূর্তটি টানা এক বছর ধরে পালন করা হবে। ২০২৭ সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৮ সাল জুড়ে চলবে এই শতবর্ষের অনুষ্ঠান।

প্রশাসনিক ও কল্যাণমূলক পদক্ষেপ

আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের বেতন কাঠামো বাড়ানোর বিষয়েও এদিন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে জেনারেল বডি। তাদের গ্রেডেশনও নতুন করে সাজানো হয়েছে। যৌন হেনস্থা প্রতিরোধ নীতির অধীনে বিসিসিআই এদিন একটি নতুন অভ্যন্তরীণ কমিটিও গঠন করেছে। এছাড়া বোর্ডের বয়স যাচাইকরণ নীতি বা এজ ভেরিফিকেশন পলিসিতেও কিছু আপডেট আনা হয়েছে। ভিন্নভাবে সক্ষম ক্রিকেটারদের কীভাবে আরও সাহায্য করা যায়, তা নিয়ে রাজ্য সংস্থাগুলির সঙ্গে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। ক্রিকেটে তাদের উন্নতি ও প্রসারের জন্য উপযুক্ত পরিকাঠামো এবং সুযোগ-সুবিধা দেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।