IPL 2027: আইপিএল-এর গত কয়েকটি মরসুমে ভালো ফল করতে পারেনি সফলতম দল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আগামী মরসুমের আইপিএল-এর নিলামের আগে দলের কোচিং স্টাফ শক্তিশালী করছে সিএসকে। জাহির খানকে (Zaheer Khan) প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার পর অ্যালবি মর্কেল (Albie Morkel) ও মোহিত শর্মাকে (Mohit Sharma) কোচিং স্টাফে যুক্ত করা হল।
KNOW
Chennai Super Kings: আইপিএল-এর (IPL 2027) আগামী মরসুমের আগে কোচিং স্টাফ ঢেলে সাজাচ্ছে চেন্নাই সুপার কিংস। দলের নতুন প্রধান কোচ জাহির খান জানিয়ছেন, আগামী মরসুমে বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতীয় দলের প্রাক্তন পেসার মোহিত শর্মা (Mohit Sharma)। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন অলরাউন্ডার অ্যালবি মর্কেলকে (Albie Morkel) কোচিং সেট-আপে ফেরানোর ইঙ্গিতও দিয়েছিলেন জাহির। তিনি এ কথা বলার কিছুক্ষণের মধ্যেই সিএসকে-র পক্ষ থেকে জানানো হয়েছে, জাহিরের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেবেন মর্কেল। আইপিএল-এর গত কয়েক মরসুমে ভালো ফল করতে পারেনি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। টানা তিন মরসুম প্লে-অফে জায়গা করে নিতে পারেনি সিএসকে। এই কারণেই এবার দলে ব্যাপক রদবদল করা হচ্ছে।
সিএসকে-র কোচিং স্টাফে বদল
আইপিএল-এর আগামী মরসুমের আগে স্টিফেন ফ্লেমিংয়ের (Stephen Fleming) পরিবর্তে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজের পছন্দমতো কোচিং দল গড়ার স্বাধীনতা পেয়েছেন জাহির। এর আগে ইংল্যান্ডের (England) প্রাক্তন অফস্পিনার গ্যারেথ ব্যাটিকে (Gareth Batty) সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছে সিএসকে। জাহিরের চেন্নাই সফরের সময়ই মোহিতকে দায়িত্ব দেওয়ার বিষয়টি সামনে আসে। এই ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা এক ভিডিওতে দলের নতুন কোচকে ম্যাসকট লিওর সঙ্গে দেখা যায় জাহিরকে। ৩৮ বছর বয়সি মোহিত ২০১৩ সালে সিএসকে-র হয়েই আইপিএল কেরিয়ার শুরু করেন। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার পর ২০১৯ সালে দলে ফেরেন। পরবর্তী সময়ে গুজরাট টাইটানসের (Gujarat Titans) হয়েও উল্লেখযোগ্য সাফল্য পান ভারতের প্রাক্তন পেসার। বিশেষ করে ২০২৩ সালে গুজরাটের ফাইনালে ওঠার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আইপিএল-এ শেষবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে খেলেছিলেন মোহিত। ২০২৫ সালের ডিসেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। সিএসকে-র বোলিং কোচ হিসেবে এরিক সিমন্সের (Eric Simons) পরিবর্তে দায়িত্ব নেবেন মোহিত। আইপিএল-এ ১২০ ম্যাচ খেলে ১৩৪ উইকেট নিয়েছেন মোহিত।
মর্কেলের অভিজ্ঞতা কাজে লাগতে পারে
সিএসকে-র সহকারী কোচ হিসেবে মর্কেলের নিয়োগও গুরুত্বপূর্ণ। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সিএসকে-র হয়ে খেলেছেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন অলরাউন্ডার। দলের সাফল্যের সময় অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজির অন্য দলগুলির সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে। সম্প্রতি এসএ২০ লিগে জোবার্গ সুপার কিংসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন মর্কেল। ফলে আন্তর্জাতিক ক্রিকেট এবং কোচিংয়ের অভিজ্ঞতা নিয়ে এবার চেন্নাইয়ের নতুন কোচিং কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তিনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

