IPL 2027: চলতি বছরের শেষদিকে আইপিএল-এর আগামী মরসুমের নিলাম হতে চলেছে। পরপর ব্যর্থতার পর এবার আইপিএল-এ সাফল্য পাওয়ার লক্ষ্যে কোচিং স্টাফকে শক্তিশালী করছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। একের পর এক প্রাক্তন তারকা ক্রিকেটারকে কোচিং স্টাফে যুক্ত করা হচ্ছে।
KNOW
Delhi Capitals News: আইপিএল-এর (IPL 2027) আগামী মরসুমের আগে কোচিং স্টাফ ঢেলে সাজাচ্ছে দিল্লি ক্যাপিটালস। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) পর এবার দলের বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কার (Sri Lanka) প্রাক্তন তারকা পেসার চামিন্ডা ভাসকে (Chaminda Vaas) দায়িত্ব দেওয়া হল। দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে ভাসকে নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। নতুন মরসুমে শক্তিশালী কোচিং স্টাফ গড়ে তোলার লক্ষ্যে আরও এক অভিজ্ঞ ক্রিকেটারকে দায়িত্ব দিল এই ফ্র্যাঞ্চাইজি। আগামী মরসুমের আইপিএল-এর আগে কোচিং স্টাফে বড়সড় বদল করা হচ্ছে। ভাসের পর আরও কোনও তারকাকে কোচিং স্টাফে যুক্ত করা হচ্ছে।
ন'য়ের দশকের তারকা পেসার ভাস
শ্রীলঙ্কার ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ফাস্ট বোলার ভাস। এই বাঁ হাতি পেসার ১১১টি টেস্ট ম্যাচ খেলে ৩৫৫ উইকেট নেন। অন্যদিকে, ৩২২টি ওডিআই খেলে তিনি ৪০০ উইকেট নিয়েছেন। ১৯৯৬ সালে ওডিআই বিশ্বকাপজয়ী (ICC World Cup 1996) শ্রীলঙ্কা দলের অন্যতম সদস্য ছিভাস। নতুন বলে স্যুইং করানোর দক্ষতা, নিখুঁত লাইন ও লেংথ এবং বিভিন্ন পরিবেশে কার্যকর বোলিংয়ের জন্য পরিচিত ছিলেন তিনি। ক্রিকেটার হিসেবে সাফল্য পাওয়ার পর কোচিংয়ে এসেও সাফল্য পাচ্ছেন ভাস। শ্রীলঙ্কার সিনিয়র দল এবং বিভিন্ন বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করেছেন তিনি। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC Men's T20 World Cup 2016) আয়ারল্যান্ডের (Ireland) বোলিং কোচের দায়িত্বও সামলেছেন। পাশাপাশি নিউজিল্যান্ডের (New Zealand) ফাস্ট বোলারদের পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি। পরবর্তী সময়ে শ্রীলঙ্কার কোচিং ব্যবস্থাতেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এই প্রাক্তন পেসার।
দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ সৌরভ
আইপিএল-এর আগামী মরসুমে দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে সৌরভকে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাটিং কোচ ও সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন যুবরাজ। এবার ভাসকেও নিয়োগ করা হল। কোচিং স্টাফ শক্তিশালী করার পর নিলামে তারকা ক্রিকেটারদেরও দলে নেওয়ার চেষ্টা করবে এই ফ্র্যাঞ্চাইজি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।








