England vs Sri Lanka: রবিবার টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইটে জোড়া ম্যাচ ছিল। দিনের প্রথম ম্যাচে অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ঘরের মাঠে হতাশাজনক পারফরম্যান্স দেখাল শ্রীলঙ্কা।

DID YOU
KNOW
?
উইল জ্যাকসের দাপট
রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখালেন ইংল্যান্ডের উইল জ্যাকস। তাঁর স্পিন বোলিংয়ে দিশা পেল না শ্রীলঙ্কা।

2026 ICC Men's T20 World Cup: নিজেদের দেশের মাঠে চেনা পরিবেশ-পরিস্থিতির সুযোগ নিতে পারল না শ্রীলঙ্কা (England vs Sri Lanka)। তারা নিজেদের অস্ত্র স্পিন বোলিংয়েই ঘায়েল হল। রবিবার টি-২০ বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে নিজেদের প্রথম ম্যাচে পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Pallekele International Cricket Stadium) ইংল্যান্ডের কাছে ৫১ রানে হেরে গেল শ্রীলঙ্কা। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা (Dasun Shanaka)। প্রথমে ব্যাটিং করতে নেমে নয় উইকেট হারিয়ে ১৪৬ রান করে ইংল্যান্ড। ১৪৭ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া খুব একটা কঠিন নয়। কিন্তু এই রান তাড়া করতে গিয়েই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে ধস নামল। ১৬.৪ ওভারে ৯৫ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা।

ফিল সল্টের অর্ধশতরান

এদিন ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে ভালো পারফরম্যান্স দেখান একমাত্র ফিল সল্ট (Philip Salt)। তিনি ওপেন করতে নেমে ৪০ বলে ৬২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। দ্বিতীয় সর্বাধিক ২১ রান করেন উইল জ্যাকস (Will Jacks)। অধিনায়ক হ্যারি ব্রুক (Harry Brook) ১৪ রান করেন। স্যাম কারান (Sam Curran) ১১ রান করেন। জেমি ওভারটন (Jamie Overton) ১০ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার বোলাররা ভালো পারফরম্যান্স দেখান। দুনিথ ওয়েল্লালাগে (Dunith Wellalage) ২৬ রান দিয়ে তিন উইকেট নেন। দিলশন মধুশনাকা (Dilshan Madushanka) ২৫ রান দিয়ে জোড়া উইকেট নেন। মাহিশ থিকসানা (Maheesh Theekshana) ২১ রান দিয়ে জোড়া উইকেট নেন। দুষ্মন্ত্য চামিরা (Dushmantha Chameera) ৩৪ রান দিয়ে এক উইকেট নেন।

স্পিনের দাপটে মাত শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার অধিনায়ক শনাকা ৩০ রান করেন। ব্যাটিংয়ের পর বল হাতেও সাফল্য পান জ্যাকস। তিনি অফ-স্পিন বোলিং করে ২২ রান দিয়ে তিন উইকেট নেন। ২০ রান দিয়ে জোড়া উইকেট নেন জোফ্রা আর্চার (Jofra Archer)। ২৭ রান দিয়ে জোড়া উইকেট নেন লিয়াম ডসন (Liam Dawson)। ১৩ রান দিয়ে জোড়া উইকেট নেন আদিল রশিদ (Adil Rashid)। ১৩ রান দিয়ে এক উইকেট নেন ওভারটন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।