Cameron Green: এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Auction) একাধিক বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য বিপুল অর্থ খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তাঁদের অন্যতম ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার (Australia) এই অলরাউন্ডারকে কীভাবে ব্যবহার করা, সে বিষয়ে পরিকল্পনা করছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
KNOW
Kolkata Knight Riders: ২৫.২০ কোটি টাকা দিয়ে দলে নেওয়া ক্যামেরন গ্রিনকে (Cameron Green) কি এবারের আইপিএল-এ (IPL 2026) ওপেনার হিসেবে ব্যবহার করবে কলকাতা নাইট রাইডার্স? অস্ট্রেলিয়ার (Australia) এই অলরাউন্ডার টপ অর্ডারে ব্যাটিং করতে ভালোবাসেন। তবে তাঁকে ওপেন করার সুযোগ দেওয়া হবে কি না, শুক্রবার পর্যন্ত সে বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন কেকেআর-এর সহকারী কোচ শেন ওয়াটসন (Shane Watson)। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, ‘এই কলকাতা নাইট রাইডার্স দলের সৌন্দর্য হল, দলে একাধিক অবিশ্বাস্য, বিশ্বমানের ব্যাটার আছে। দলে এতজন ভালোমানের ব্যাটার থাকায় আমরা বিব্রত। ওদের সবাইকে দলে কীভাবে জায়গা দেওয়া হবে, সে বিষয়ে পরিকল্পনা করতে হচ্ছে। এটাই এই সংগঠনের নেতাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। প্রথম ম্যাচ থেকেই আমাদের কম্বিনেশন ঠিক করতে হবে। তারপর টুর্নামেন্ট যত এগোবে তখন পরিস্থিতি অনুযায়ী দলে প্রয়োজনীয় বদল আনতে হবে।’
গ্রিনের প্রশংসায় ওয়াটসন
নিজের দেশের অলরাউন্ডারের প্রশংসা করে ওয়াটসন বলেছেন, ‘ক্যামেরন গ্রিন একজন ভালোমানের ক্রিকেটার। ও এমন একজন অলরাউন্ডার, যে সুযোগ পেলেই তা কাজে লাগায়। আমাদের দলে কয়েকজন শক্তিশালী, বিশ্বমানের খেলোয়াড় আছে। এছাড়া দলে অভিজ্ঞতা ও তারুণ্যের প্রাণশক্তির সংমিশ্রণ রয়েছে। এই টুর্নামেন্টে সেটা কেমন হয়, তা দেখার অপেক্ষায় আছি।’
শক্তিশালী ব্যাটিং লাইনআপ কেকেআর-এর
এবারের আইপিএল-এ কেকেআর-এর ব্যাটিং লাইনআপ অত্যন্ত শক্তিশালী। গ্রিনের পাশাপাশি ফিন অ্যালেন (Finn Allen), টিম সিফার্ট (Tim Seifert), রাচিন রবীন্দ্র (Rachin Ravindra), সুনীল নারিন (Sunil Narine), অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi), রিঙ্কু সিং (Rinku Singh) ও রমনদীপ সিং (Ramandeep Singh)। অ্যালেন ও সিফার্ট নিয়মিত ওপেন করেন। আইপিএল-এ অনেক মরসুমেই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং ওপেন করেছেন নারিন। রাহানেও ওপেন করেন। ফলে কাদের টপ অর্ডারে ব্যবহার করা হবে এবং কাদের মিডল অর্ডারে খেলানো হবে, সে বিষয়ে পরিকল্পনা করতে হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


