IPL Playoff: লখনউয়ের বিরুদ্ধে চেন্নাই পরাজিত হওয়ায় আইপিএল-এর প্লে-অফের লড়াই আরও জমে উঠেছে। এই হারের ফলে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং গুজরাত টাইটান্সের (GT) প্লে-অফে যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে, চেন্নাইয়ের স্বপ্ন ধাক্কা খেলেও নতুন করে আশা জেগেছে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের।
IPL Playoff: আইপিএল-এর গ্রুপ পর্বের লড়াই এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ে রয়েছে। কোন চারটি দল প্লে-অফে যাবে? তার হিসেব-নিকেশ চলছে জোরকদমে। তার মধ্যেই প্রাক্তন চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) বড়সড় ধাক্কা খেল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চেন্নাই বড় ব্যবধানে হেরে যাওয়ায়, সিএসকে-র প্লে-অফে যাওয়ার আশা অনেকটাই কমে গেছে।

এই হারের জেরে পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালসেরও অনেকটা নিচে, অর্থাৎ ৬ নম্বরে নেমে গেছে চেন্নাই। এখন প্লে-অফে যেতে হলে তাদের শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকেও। চেন্নাইয়ের থেকে একটা ম্যাচ কম খেলে রাজস্থান রয়্যালস পাঁচ নম্বরে উঠে এসেছে। দুই দলেরই পয়েন্ট ১২, কিন্তু নেট রান রেটে (+০.০৮২) চেন্নাইকে (+০.০২৭) পেছনে ফেলে দিয়েছে রাজস্থান।
প্লে-অফের অঙ্ক কী কঠিন!
চেন্নাইয়ের দেওয়া ১৮৮ রানের টার্গেট লখনউ মাত্র ১৬.৪ ওভারেই তুলে নেয়। যার ফলে, চেন্নাইয়ের নেট রান রেট এক ধাক্কায় অনেকটাই কমে যায়। চেন্নাই হারায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ৯৪.৫% থেকে বেড়ে ৯৬.১% হয়ে গেছে। RCB-র ১২ ম্যাচে পয়েন্ট ১৬। একইভাবে, ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা গুজরাত টাইটান্সের (GT) সম্ভাবনা ৯৪.৯% থেকে বৃদ্ধি পেয়ে ৯৬.৬% হয়েছে।
তৃতীয় স্থানে থাকা হায়দরাবাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনাও ৬৭.৪% থেকে বেড়ে ৭০.৩% হয়েছে। চেন্নাইয়ের হারে সবচেয়ে বেশি লাভ হয়েছে রাজস্থান রয়্যালসের। তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা বেড়ে ৫১.৬% হয়েছে। রাজস্থানের জন্য ভালো খবর হল, তাদের শেষ তিনটি ম্যাচ মুম্বই, দিল্লি এবং লখনউয়ের বিরুদ্ধে। অন্যদিকে, দুটি ম্যাচ বাকি থাকা পাঞ্জাব কিংসের সম্ভাবনাও ৪২.৭% থেকে বেড়ে ৪৮.৮% হয়েছে।
বেঙ্গালুরু-গুজরাতের রাস্তা প্রায় পাকা?
পাঞ্জাবের শেষ দুটি ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এই দুটি ম্যাচ জিততে পারলে পাঞ্জাবের পয়েন্ট হবে ১৭। সেখানে চেন্নাই শেষ দুটি ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ১৬।
চেন্নাইয়ের এই হার কলকাতা নাইট রাইডার্স (KKR) এবং দিল্লি ক্যাপিটালসের প্লে-অফের ক্ষীণ আশাকে কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে। কলকাতার সম্ভাবনা ২.৬% থেকে বেড়ে ৩.১% এবং দিল্লির সম্ভাবনা ২.২% থেকে বেড়ে ৩.১% হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


