New Zealand vs India Wellington Test: ওয়েলিংটনের বেসিন রিজার্ভে (Basin Reserve) নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের দাপট দেখা যাচ্ছে। চতুর্থ দিনের শেষে জয়ের গন্ধ পাচ্ছে ভারত। এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর প্রশংসা করেছেন সতীর্থ ধ্রুব জুরেল (Dhruv Jurel)।
New Zealand vs India Test Series: ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant) প্রশংসায় ভরিয়ে দিলেন জাতীয় দলের সতীর্থ ধ্রুব জুরেল (Dhruv Jurel)। রবিবার ওয়েলিংটনের (Wellington) বেসিন রিজার্ভে (Basin Reserve) ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর ঋষভের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে জুরেল বলেন, 'ওর সম্পর্কে আমি আগেও অনেকবার কথা বলেছি। ও অসাধারণ একজন ক্রিকেটার। ও যেভাবে ব্যাট করে, তা আমার সত্যিই খুব ভালো লাগে। ওর মানসিকতা নিয়ে আমার সবসময় কৌতূহল থাকে। যখনই ওর সঙ্গে কথা হয়, আমি জানতে চাই ও কীভাবে ব্যাটিংয়ের পরিকল্পনা করে। কারণ, সাধারণত ওর কাছ থেকে প্রচলিত ক্রিকেটীয় শটই প্রত্যাশা করা হয়। কিন্তু হঠাৎই ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে কভারের উপর দিয়ে বল পাঠিয়ে দেয় কিংবা সম্পূর্ণ অন্যভাবে বোলারদের আক্রমণ করে। বিষয়টা আমার দারুণ লাগে।'
ঋষভকে মেন্টর হিসেবে দেখছেন জুরেল
ঋষভকে শুধু ক্রিকেটার হিসেবেই নয়, মেন্টর হিসেবেও অত্যন্ত পছন্দ করেন জুরেল। তাঁর কথা অনুযায়ী, 'ক্রিকেটার এবং মেন্টর, দুই ভূমিকাতেই ওকে আমি ভীষণ পছন্দ করি। ওর সঙ্গে যখনই কথা বলি, ওর মধ্যে একটা ইতিবাচক শক্তি ও আবহ অনুভব করি। আমাদের দলে ওর মতো একজনকে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার।'
দলের জন্য দায়িত্ব নিতে তৈরি জুরেল
দলের প্রয়োজনে যে কোনও দায়িত্ব নিতে তিনি তৈরি বলেও জানিয়ে দিয়েছেন জুরেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলেছেন তিনি। উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন ঋষভ। এই সুযোগ কাজে লাগিয়ে ৭৯ বলে ৭৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেছেন জুরেল। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। দেশের হয়ে খেলাই তাঁর কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার বলে জানিয়েছেন এই তরুণ ক্রিকেটার। দলের প্রয়োজনে যে কোনও ভূমিকায় নিজেকে মেলে ধরতে তৈরি তিনি। এমনকী, তাঁকে বোলার হিসেবে খেলতে বলা হলেও আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়েছেন জুরেল। তাঁর কথায়, ‘আমি দেশের হয়ে খেলছি। দল আমাকে যে দায়িত্ব দেবে, তা পালন করতে আমি তৈরি। এমনকী, আমাকে বোলার হিসেবে খেলতে বলা হলেও আমি রাজি। যে সুযোগই আসুক না কেন, দেশের জন্য নিজের সেরাটা দিতে সবসময় তৈরি। দলের প্রতি আমার দায়বদ্ধতা কিংবা দায়িত্ব পালনের প্রস্তুতি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না।’
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
















