Olympic Cricket 2028: সোমবার, আনুষ্ঠানিকভাবে অলিম্পিকের ক্রিকেট বিভাগে যোগ্যতা অর্জনের নিয়মাবলী প্রকাশ করা হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র তত্ত্বাবধানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) পক্ষ থেকে এই নিয়মগুলিকে চূড়ান্ত করা হয়েছে।
Olympic Cricket 2028: ১২৮ বছর পর, অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট। আগামী ২০২৮ সালে, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকছে ক্রিকেট (Olympic Cricket 2028)। পুরুষ এবং মহিলা, দুটি বিভাগেই অংশ নেবে মোট ৬টি করে দল। কিন্তু কীভাবে বেছে নেওয়া হবে এই ৬টিদলকে (Olympic Cricket Teams 2028)?

১২৮ বছর পর অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট
সোমবার, আনুষ্ঠানিকভাবে অলিম্পিকের ক্রিকেট বিভাগে যোগ্যতা অর্জনের নিয়মাবলী প্রকাশ করা হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র তত্ত্বাবধানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) পক্ষ থেকে এই নিয়মগুলিকে চূড়ান্ত করা হয়েছে। এই নতুন নিয়মানুযায়ী, অলিম্পিকের মঞ্চে ভারতের সরাসরি অংশগ্রহণ করার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল। কিন্তু বিপাকে পড়ল কারা?
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, চারটি মহাদেশ থেকে আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী, শীর্ষে থাকা চারটি দল সরাসরি সুযোগ পাবে। প্রতিটি দল তাদের সংশ্লিষ্ট ন্যাশনাল অলিম্পিক কমিটির (NOC) জন্য অলিম্পিকে একটি কোটা নিশ্চিত করবে। বাকি দুটির মধ্যে একটি জায়গা রাখা হবে আয়োজক দেশ আমেরিকার জন্য। আর একটি জায়গা নিশ্চিত করা হবে আইসিসি-অলিম্পিক কোয়ালিফায়ার টুর্নামেন্টের মাধ্যমে।
প্রকাশ্যে যোগ্যতা অর্জনের নিয়ম
এই মুহূর্তে আইসিসি-র টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী, চারটি মহাদেশের চারটি দল সরাসরি যোগ্যতা অর্জনের জন্য এগিয়ে রয়েছে। এশিয়া থেকে ভারত, ইউরোপ মহাদেশ থেকে ইংল্যান্ড, ওশিয়ানিয়া থেকে অস্ট্রেলিয়া আফ্রিকা মহাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা। তবে নিউজ়িল্যান্ড চতুর্থ স্থানে থাকলেও তারা সরাসরি যোগ্যতা অর্জন করতে পারবে না। কারণ, ওশিয়ানিয়া মহাদেশ থেকে অস্ট্রেলিয়াই সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে থাকা দল। ঠিক একইভাবে পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাও সরাসরি সুযোগ পাবে না। আইসিসি র্যাঙ্কিংয়ে এশিয়া থেকে ভারতই সবার উপরে রয়েছে। তাই বাকি দলগুলিকে কোয়ালিফায়ার রাউন্ড খেলতে হবে।
এক্ষেত্রে মাপকাঠি হিসেবে ধরা হচ্ছে, ২০২৬ সালের ৩১ ডিসেম্বরকে। এই টার্মের মধ্যে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে যোগ্যতা না পাওয়া পরবর্তী আটটি সর্বোচ্চ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে আইসিসি অলিম্পিক্স কোয়ালিফায়ার। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে অলিম্পিকের শেষ কোটা।
পৌষমাস ভারতের, বিপাকে কারা?
তবে মহিলা দলের ক্ষেত্রে নিয়মটা একটুই আলাদা। যোগ্যতা নির্ধারণ হবে চলতি টি- টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফলাফলের ভিত্তিতে। এই বিশ্বকাপে চারটি আলাদা মহাদেশের সর্বোচ্চ স্থানাধিকারী দল সরাসরি অলিম্পিকে খেলতে পারবে। তাই জায়গা নিশ্চিত হয়েছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের। এছাড়া আয়োজক দল হিসেবে আমেরিকা সরাসরি খেলার সুযোগ পাবে। তবে হ্যাঁ, যদি তারা র্যাঙ্কিং অনুযায়ী, প্রথম ১৫-এর মধ্যে থাকতে পারে। আর শেষ জায়গাটি নির্ধারিত হবে কোয়ালিফিকেশন টুর্নামেন্টের মাধ্যমে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

