Wrestler Mukul Dahiya Suspended: ভারতীয় ক্রীড়াজগতে নিষিদ্ধ মাদক সেবনের ঘটনা নতুন কিছু নয়। বহু ভারতীয় ক্রীড়াবিদ ইচ্ছাকৃতভাবে বা না জেনে নিষিদ্ধ মাদক সেবন করেছেন। এবার এশিয়ান গেমসের (Asian Games 2026) ঠিক আগে নিষিদ্ধ মাদক সেবন করে ধরা পড়লেন কুস্তিগীর মুকুল দাহিয়া। এই ঘটনায় ভারতীয় ক্রীড়ামহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
KNOW
Wrestler Mukul Dahiya: জাপানে (Japan) আসন্ন এশিয়ান গেমসের (Asian Games 2026) আগে ভারতীয় কুস্তি দলের জন্য বড় ধাক্কা। নিষিদ্ধ মাদক সেবনের দায়ে কুস্তির ফ্রিস্টাইল ৮৬ কেজি বিভাগের তারকা মুকুল দাহিয়াকে সাময়িকভাবে নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (National Anti-Doping Agency)। তাঁর নমুনায় নিষিদ্ধ মাদক মেফেনটারমিনের (Mephentermine) অস্তিত্ব পাওয়া গিয়েছে। এশিয়ান গেমস শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফলে বিষয়টি সামাল দেওয়ার জন্য ভারতীয় দলের হাতে সময়ও খুব কম। বর্তমানে আর্মেনিয়ার (Armenia) ইয়েরেভানে (Yerevan) এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে আয়োজিত এক্সপোজার ক্যাম্পে আছেন মুকুল। তিনি নির্বাসিত হওয়ায় শিবির ছাড়তে হবে।
এশিয়ান গেমসে পদকের দাবিদার ছিলেন মুকুল
এ বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে (2026 Asian Championships) রুপো পেয়ে ৮৬ কেজি বিভাগে ভারতের অন্যতম সম্ভাবনাময় কুস্তিগীর হিসেবে উঠে এসেছিলেন মুকুল। তিনি এশিয়ান গেমসে পদকের অন্যতম দাবিদার ছিলেন। কিন্তু সাময়িক নির্বাসনের ফলে এশিয়ান গেমসে তাঁর অংশগ্রহণ এখন অনিশ্চিত। পরিস্থিতির পরিবর্তন না হলে ৮৬ কেজি বিভাগে ভারতের কোনও কুস্তিগীরই থাকবেন না। এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কুস্তি ফেডারেশনকে (Wrestling Federation of India) মুকুলের সাময়িক নির্বাসনের বিষয়ে আগে কিছু জানানো হয়নি। অথচ ফেডারেশন ইতিমধ্যেই এশিয়ান গেমসের চূড়ান্ত দলের তালিকা জমা দিয়ে দিয়েছে। ফলে শেষমুহূর্তে মকুলের পরিবর্তে অন্য কাউকে দলে নেওয়া কঠিন।
নির্বাসিত একাধিক কুস্তিগীর
মুকুলের নির্বাসিত হওয়ার ঘটনা এমন সময় সামনে এল, যখন এর মাত্র কয়েক দিন আগেই এশিয়ান গেমসগামী ভারতীয় দলের অপর এক কুস্তিগীর গ্রেকো-রোমান বিভাগের দীপাংশু (Deepanshu) নিষিদ্ধ মাদক সেবন করার কারণে সাময়িকভাবে নির্বাসিত হয়েছেন। সেক্ষেত্রে অবশ্য কুস্তি ফেডারেশন সময়মতো ব্যবস্থা নিয়ে তাঁর পরিবর্তে রোনাক দাহিয়াকে (Ronak Dahiya) দলে অন্তর্ভুক্ত করতে পেরেছিল। দীপাংশুর ক্ষেত্রে আগেই ফেডারেশনকে জানানো হয়েছিল। ফলে খেলোয়াড় পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময় পাওয়া গিয়েছিল। কিন্তু মুকুলের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। প্রতিবেদন অনুযায়ী, ৪ আগস্ট নাডার আপডেটেড সাসপেনশন তালিকায় মুকুলের নাম দেখার পরই বিষয়টি জানতে পারে ফেডারেশন। চলতি বছরের জুনের প্রথম সপ্তাহেই ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে এশিয়ান গেমসের চূড়ান্ত দলের তালিকা জমা দেওয়া হয়েছে। তাই এখন ৮৬ কেজি বিভাগে নতুন কাউকে অন্তর্ভুক্ত করার সুযোগ অত্যন্ত সীমিত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


