দুর্নীতির অভিযোগে জড়িত থাকার সন্দেহে শ্রীলঙ্কায় গ্রেফকার হয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন ক্রিকেটার এবং লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি 'জাফনা কিংস'-এর সহ-মালিক মনজোত কালরা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৭ বছর বয়সি কালরার বিরুদ্ধে এক খেলোয়াড়কে ম্যাচ-ফিক্সিংয়ে জড়ানোর জন্য প্ররোচিত করার অভিযোগ রয়েছে।
দুর্নীতির অভিযোগে জড়িত থাকার সন্দেহে শ্রীলঙ্কায় গ্রেফকার হয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন ক্রিকেটার এবং লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি 'জাফনা কিংস'-এর সহ-মালিক মনজোত কালরা। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৭ বছর বয়সি কালরার বিরুদ্ধে এক খেলোয়াড়কে ম্যাচ-ফিক্সিংয়ে জড়ানোর জন্য প্ররোচিত করার অভিযোগ রয়েছে। শুক্রবার পুলিশের 'স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ) তাঁকে হেফাজতে নেয়। পিটিআই-র প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারের পর কালরাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে আদালত তাঁকে ৩১ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এই ঘটনায় যুবরাজ পুষ্পা নামে আরেক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে এবং আদালত তাঁকেও বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর আদেশ দিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) স্পষ্ট করেছে যে, এই গ্রেফতারের ঘটনা লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৬-এর আয়োজনে কোনও প্রভাব ফেলবে না। বোর্ড জানিয়েছে, তারা তদন্তকারী সংস্থাগুলোকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে এবং টুর্নামেন্টের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, এলপিএল ২০২৬-এর আয়োজক হিসেবে তারা টুর্নামেন্টের সততা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। বোর্ড পুনর্ব্যক্ত করেছে যে, লিগের সঙ্গে সংশ্লিষ্ট কোনও পক্ষের দুর্নীতি, অনুপযুক্ত আচরণ বা অন্য কোনও ধরনের অসদাচরণের ক্ষেত্রে 'জিরো টলারেন্স' বা কঠোর অবস্থান বজায় রাখা হবে।
বোর্ড জানিয়েছে, সর্বোচ্চ নৈতিক ও স্বচ্ছ মানদণ্ড মেনে টুর্নামেন্টটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। লিগের দুর্নীতিবিরোধী কাঠামোকে আরও শক্তিশালী করতে এসএলসি-র দুর্নীতিবিরোধী ইউনিট সরকারের বিশেষ তদন্ত ইউনিটের (এসআইইউ) সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট পুনরায় জানিয়েছে যে, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান (জিরো টলারেন্স নীতি) অব্যাহত থাকবে এবং টুর্নামেন্টের সুনাম রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে আলোচনায় এসেছিলেন মনজোত কালরা। তাঁর ম্যাচ-জয়ী ইনিংসটি ভারতকে শিরোপা জয়ে সহায়তা করেছিল। ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পর তিনি ক্রীড়া ব্যবসার দিকে মনোনিবেশ করেন এবং এ বছর জাফনা কিংস ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করে এর সহ-মালিক হন। এখন, এলপিএল (LPL) ২০২৬ চলাকালীন তাঁর গ্রেফতার ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।
