IND vs NZ 1st Test: ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে নিউ জিল্যান্ডেকে হাতের মুঠোয় পেয়েও বাগে আনতে পারল না টিম ইন্ডিয়া। ৭০ রানের মধ্যে কিউইদের অর্ধেক ইনিংসকে প্যাভিলিয়নে পাঠালেও শেষ পর্যন্ত টম লাথামের দলের বড় ক্ষতি করা গেল না।
IND vs NZ 1st Test: ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে নিউ জিল্যান্ডেকে হাতের মুঠোয় পেয়েও বাগে আনতে পারল না টিম ইন্ডিয়া। বুমরার আগুনে স্বপ্ন দেখেও শেষ পর্যন্ত হেনরি-ফিল্পিসের রেকর্ড পার্টনারশিপে কঠোর বাস্তবে ফিরতে হল। ৭০ রানের মধ্যে কিউইদের অর্ধেক ইনিংসকে প্যাভিলিয়নে পাঠালেও, শেষ পর্যন্ত টম লাথামের দলের বড় ক্ষতি করা গেল না। ৫ উইকেটে ৭০ থেকে প্রথম দিনের শেষে কিউইদের স্কোর ৫ উইকেটে ২৪৩ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে ২২১টি বল খেলে ১১৩ রানে অপরাজিত হেনরি নিকোলাস। আর সাতে নেমে গ্লেন ফিল্পিস ৯৪ রান করে অপরাজিত অবস্থায় মাঠ ছাড়লেন। ষষ্ঠ উইকেটে হেনরি-ফিল্পিস অবিচ্ছেদ্য ১৭৩ রানের পার্টনারশিপ করেছেন। দুজনে মিলে ক্রিজে ৫৪ ওভার খেলে ফেলেছেন। ভারতীয় বোলারদের মাথায় ঘাম একেবারে পায়ে ফেলে ছেড়েছেন দুই কিউই ব্যাটার।
হেনরি-ফিল্পিস অবিচ্ছেদ্য ১৭৩ রানের পার্টনারশিপ
টেস্টে তাঁর দ্বাদশ সেঞ্চুরিটা পূর্ণ করলেন ক্রাইস্টচার্চের বাঁ হাতি ৩৫ বছরের ব্যাটার হেনরি নিকোলাস। আর টেস্টে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি থেকে ৬ রান দূরে ফিল্পিস। বুমরা নিলেন ৩টি উইকেট, কাম্বোজ ও আকাশদীপ ১টি করে। মহম্মদ সিরাজকে বাদ দিয়ে প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলালেও তিনি আজ কোনও উইকেট পেলেন না।
প্রথম সেশনে বুমরাদের আগুন
দিনের শুরুতে মনে হচ্ছিল ভারতীয় বোলাররা কিউইদের ছারখার করে দেবেন। টি-২০ ও ওয়ানডে সিরিজে দুরন্ত কায়দায় জিতে টেস্টে মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে থেকে খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। তার মধ্যে আবার উপযোগী পরিবেশে টসে জিতে শুভমন গিল টসে জিতে প্রথমে বল করার সুযোগ পান। সহায়ক পিচে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা একেবারে ফুল ফোটাতে শুরু করেন। সিরিজ তথা টেস্টের তৃতীয় বলেই কিউই অধিনায়ক টম লাথাম (০)-এর উইকেট ছিটকে দিয়ে কিউইদের ধাক্কা দেন বুমরা। কিছুক্ষণ পরে অপর ওপেনার ডেভন কনওয়ে (৪)-কে ফেরান আনশুল কাম্বোজ।
দুটো সেশন দাপটের সঙ্গে লড়াই কিউই ব্যাটারদের
এরপর রচিন রবীন্দ্র (১৫)-কে সেট হওয়ার মুখে আউট করেন আকাশ দীপ। কিউইদের এই নড়বড়ে অবস্থা থেকে ধস নামান বুমরা। ডেরি মিচেল (১) ও টম বান্ডেল (৫)-কে অল্প সময়ের ব্যবধানে আউট করে দলকে দারুণ জায়গায় নিয়ে যান ভারতের 'বুম-বুম' পেসার।। ২ উইকেটে ৫১ থেকে বুমরার আগুনে ঝলসে কিউইদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৭০। ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ব্যাপক চাপে থাকা অবস্থায় জুটি বাঁধেন হেনরি নিকোলাস ও গ্লেন ফিল্পিস। কিন্তু সেখান থেকে সেই যে লড়াই শুরু করলেন হেনরি-ফিল্পিসরা, সেটা আর ভাঙা গেল না। প্রথম সেশনে ৫ উইকেট তুলে নেওয়া পর, বাকি দুটো সেশনে পুরো খালি হাতে ফিরতে হল ভারতীয় বোলারদের।
সিরাজ-জাদেজাকে বাদ, সুযোগ কৃষ্ণা-সুন্দরকে
মহম্মদ সিরাজকে বাদ দিয়ে প্রসিধ কৃষ্ণাকে খেলিয়ে প্রথম দিনে কোনও লাভ হল না। ১৬ ওভার বল করে ৫৮ রান দিয়ে কোনও উইকেট পেলেন না কৃষ্ণা। ৫২ রান দিয়ে বুমরা পেলেন ৩টি উইকেট। কাম্বোজ ৫৭ রান দিয়ে ও আকাশ দীপ ৩৩ রান দিয়ে ১টি উইকেট পেলেন। রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছে ওয়েলিটংটন। প্রথম দিনে সুন্দর ১৬ ওভার বল করে ৩৮ রান দিয়ে উইকেটহীন থাকলেন। ৮২ ওভার খেলে প্রথম দিনের শেষে কিউইদের স্কোর ৫ উইকেটে ২৪৩। এখানথেকে নিউ জিল্যান্ড ৩৫০-র কাছাকাছি রান তুলে ফেললে, শুভমন গিলদের পক্ষে চ্যালেঞ্জের হবে। গিলদের লক্ষ্য এখান থেকে কিউইদের ৩০০-র মধ্যে বেঁধে রাখা। সেক্ষেত্রে আগামিকাল, শুক্রবার খেলার প্রথম ঘণ্টাতেই হেনরি-ফিল্পিসকে ফেরাতেই হবে বুমরাদের।














