India vs New Zealand Friendly: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকায় (Dhaka) চলতি সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship 2026) দ্বিতীয়সারির দল পাঠিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের ফল হতাশাজনক হল।

DID YOU
KNOW
?
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬
ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দল যখন নিউজিল্যান্ড সফরে, তখন দ্বিতীয়সারির দল সাফ চ্যাম্পিয়নশিপে খেলছে।

Indian Football: নভেম্বর উইন্ডোর প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই বড়সড় ধাক্কা খেল ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দল। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের (New Zealand) অকল্যান্ডের (Auckland) গো মিডিয়া স্টেডিয়ামে (Go Media Stadium) আয়োজিত ম্যাচে ০-৫ হেরে গেল খালিদ জামিলের (Khalid Jamil) দল। প্রথমবার নিউজিল্যান্ড সফরে গিয়ে এমন হারের মুখ দেখতে হল ব্লু টাইগার্সকে। কিউয়িদের হয়ে জোড়া গোল করেন জেসি রান্ডাল। এছাড়া ক্রিস উড ও লাচলান বেলিস একটি করে গোল করেন। ভারতের হয়ে বিজয় ভার্গিস আত্মঘাতী গোল করেন। তাঁর গোলে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতীয় দল। ২০১৮ সালের পর প্রথমবার ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন অনিরুদ্ধ থাপা (Anirudh Thapa)। তাঁর নেতৃত্বে ভারতীয় দলের অভিযান সুখকর হল না।

ভালো খেলেও দলকে বাঁচাতে পারলেন না বিশাল কাইথ

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নিউজিল্যান্ড। ম্যাচের পঞ্চম মিনিটেই ভার্গিসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় কিউয়িরা। এরপরই দূরপাল্লার শটে গোল করার চেষ্টা করেন ম্যাথু গারবেট। তবে দুরন্ত সেভে ভারতকে রক্ষা করেন গোলকিপার বিশাল কাইথ (Vishal Kaith)। গত বছরের জুনের পর জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই একাধিক গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ভারত। রায়ান উইলিয়ামসের সঙ্গে লিস্টন কোলাসো ও জিতিন এমএস-এরপ বোঝাপড়ায় কয়েকটি ভালো আক্রমণ তৈরি হয়। ১৯ মিনিটে ভারতের সামনে গোলের সবচেয়ে ভালো সুযোগটি আসে। ভার্গিসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডানদিক দিয়ে উঠে এসে বক্সের মধ্যে কাটব্যাক করেন উইলিয়ামস। বল পান মনবীর সিং। তিনি গোল করার জন্য তৈরি থাকলেও নিউজিল্যান্ডের ডিফেন্ডার ক্যালান এলিয়টের সময়মতো ব্লকে সেই সুযোগ নষ্ট হয়। এরপরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে নিউজিল্যান্ড। তবে একের পর এক দুরন্ত সেভ করে ভারতকে লড়াইয়ে টিকিয়ে রাখেন কাইথ। ২৫ মিনিটে বিপক্ষের হেড থেকে আসা বল অবিশ্বাস্য দক্ষতায় আটকে দেন তিনি। কিছুক্ষণ পর গোলের দিকে এগিয়ে আসা রান্ডালকেও বাধা দেন ভারতের গোলকিপার। ম্যাচের প্রায় ৩০ মিনিটের মাথায় বক্সের মধ্যে ঢুকে পড়া রান্ডালের প্রথম শট আটকে দেওয়ার পর ফিরতি বলেও দ্রুত ঝাঁপিয়ে পড়ে সেভ করেন কাইথ। তবে প্রথমার্ধের শেষদিকে নিউজিল্যান্ডের আক্রমণের সামনে আর প্রতিরোধ গড়তে পারেনি ভারত। ৩৪ মিনিটে রান্ডালের গোলে ব্যবধান বাড়ায় কিউয়িরা। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই একসঙ্গে পাঁচটি পরিবর্তন করেন ভারতের প্রধান কোচ খালিদ। মাঠে নামানো হয় জয় গুপ্তা, লালরিনলিয়ানা নামতে, মেহতাব সিং, রিকি মেইতেই হাওবাম এবং মহম্মদ সুহেলকে। শেষের দু'জনের এদিন জাতীয় দলের হয়ে অভিষেক হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্রি-কিক থেকে গোলের চেষ্টা করেন লিস্টন কোলাসো। তবে নিউজিল্যান্ডের গোলকিপার অ্যালেক্স পলসেন সেই প্রচেষ্টা আটকে দেন। এরপর ফের আক্রমণের ঝড় তোলে কিউয়িরা। ৫৭ মিনিটে হেড থেকে গোল করে ব্যবধান ৪-০ করেন ক্রিস উড। ৭৪ মিনিটে দুরন্ত ভলিতে পঞ্চম গোলটি করেন লাচলান বেলিস। এরপর ভারতের রক্ষণে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্লক করেন পরিবর্ত হিসেবে নামা মেহতাব। অন্যদিকে, নিউজিল্যান্ডের একের পর এক আক্রমণ সামলে ব্যবধান আর বাড়তে দেননি কাইথ। ৭৮ মিনিটে বিল টুইলোমার পেনাল্টি দুরন্ত দক্ষতায় বাঁচান ভারতীয় গোলরক্ষক। শুধু তাই নয়, ফিরতি শটও আটকে দেন তিনি। ফলে বড় ব্যবধানে হারলেও কাইথের পারফরম্যান্স আলাদা করে নজর কেড়েছে। ম্যাচের শেষদিকে আরও দু'জন ফুটবলারের অভিষেক করান খালিদ। স্ট্রাইকার ডেভিড লালহ্লানসাঙ্গা এবং মিডফিল্ডার টোম্বা সিং হাওবাম মাঠে নামেন। ৮৮ মিনিটে দূর থেকে শট নিয়ে গোলের চেষ্টা করেন টোম্বা। তবে সহজেই বল ধরে নেন নিউজিল্যান্ডের গোলকিপার।

ভারতের হয়ে খেলেন-

বিশাল কাইথ (গোলরক্ষক), অভিষেক সিং টেকচাম (জয় গুপ্ত ৪৬'), প্রামবীর (লালরিনলিয়ানা হ্নামতে ৪৬'), বিজয় ভার্গিস (মেহতাব সিং ৪৬'), আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা (অধিনায়ক) (টোম্বা সিং হাওবাম ৮৪'), মনবীর সিং (ডেভিড লালহ্লানসাঙ্গা ৭৯'), রায়ান উইলিয়ামস, জিথিন এমএস (মহম্মদ সুহেল ৪৬'), লিস্টন কোলাসো (মহম্মদ সানান ৬৬'), লালরেমতলুয়াঙ্গা ফানাই (রিকি মেইতেই হাওবাম ৪৬')।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।