এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ ভারতীয় দলের মধ্যে বিতর্ক। যৌন হেনস্থার অভিযোগে ভারতীয় প্যারা সাঁতারু মহম্মদ শামস আলম শেখকে জাপান থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নাগোয়ার একটি হোটেলে মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে জাপানের পুলিশ।
এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ ভারতীয় দলের মধ্যে বিতর্ক। যৌন হেনস্থার অভিযোগে ভারতীয় প্যারা সাঁতারু মহম্মদ শামস আলম শেখকে জাপান থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নাগোয়ার একটি হোটেলে মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে জাপানের পুলিশ। এবার তাঁর বিরুদ্ধে কড়া শাস্তির কথা ভাবছে ভারতের প্যারালিম্পিক কমিটি (PCI)। এমনকি তাঁকে আজীবন নিষিদ্ধ করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
ঠিক কী ঘটেছিল?
ভারতীয় প্যারা সাঁতারুদের দল নাগোয়ার যে হোটেলে ছিল, সেখানেই ঘটনাটি ঘটে। অভিযোগ, হোটেলের এক মহিলা হাউসকিপিং কর্মী নিজের কাজ করার সময় তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন শামস আলম শেখ। ওই কর্মী নেপালি বংশোদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, মহিলাকে অনুপযুক্তভাবে স্পর্শ করার চেষ্টা করেন ওই সাঁতারু। পরিস্থিতি বুঝে ওই মহিলা ঘর থেকে বেরিয়ে গিয়ে হোটেলের কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপরই হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ হস্তক্ষেপ করে।
পুলিশের জিজ্ঞাসাবাদ, দেশে ফেরানোর সিদ্ধান্ত
অভিযোগ সামনে আসার পর জাপানের পুলিশ শামস আলম শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। ভারতীয় দলের প্রতিনিধিরা হোটেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের কাছে লিখিতভাবে ক্ষমা চান বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এরপর তাঁকে জাপান ছাড়তে বলা হয় এবং মঙ্গলবার, ২০ অক্টোবর, দেশে ফেরার বিমানে পাঠানো হয়। ফলে এশিয়ান প্যারা গেমসে তাঁর নির্ধারিত ইভেন্টগুলিতে অংশ নেওয়া হয়নি।
আজীবন নির্বাসনের মুখে ভারতীয় সাঁতারু?
ঘটনার পর শামস আলম শেখের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা ভাবছে প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়া। প্যারা গেমস শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে বৈঠক হতে পারে। সেখানে তাঁর বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞা জারির প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে এখনও চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। মহম্মদ শামস আলম শেখ একসময় পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই (S5) এবং ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক (SB4) বিভাগে বিশ্বের এক নম্বর প্যারা সাঁতারু ছিলেন। এর আগে ২০১৮ সালের এশিয়ান প্যারা গেমসেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ভারতীয় দলের কাছে বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে।







