ISL 2026-27-এর প্রথম পর্বের সূচি প্রকাশ। ১০ অক্টোবর শুরু লিগ, উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি SC দিল্লি। প্রথম পর্বের ম্যাচগুলি চলবে অক্টোবর থেকে ২০২৭ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত। এই পর্বে মোট ৭৮টি ম্যাচের মধ্যে ৫৩টি ম্যাচ শুক্রবার, শনিবার অথবা রবিবার রাখা হয়েছে। অধিকাংশ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায়।

নতুন মরসুমে নতুন রূপে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে ২০২৬-২৭ মরসুম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে হবে ম্যাচটি। শনিবার প্রকাশিত প্রথম পর্বের সূচি অনুযায়ী, ১০ অক্টোবর উদ্বোধনী দিনেই থাকছে ডাবল হেডার। দিনের দ্বিতীয় ম্যাচে ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হবে চেন্নাইয়িন এফসি। প্রথম পর্বের ম্যাচগুলি চলবে অক্টোবর থেকে ২০২৭ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত। এই পর্বে মোট ৭৮টি ম্যাচের মধ্যে ৫৩টি ম্যাচ শুক্রবার, শনিবার অথবা রবিবার রাখা হয়েছে। অধিকাংশ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায়।

কলকাতা ডার্বির দিনও ঘোষণা

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি ১৮ অক্টোবর ফাতোরদা স্টেডিয়ামে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নতুন মরসুমের অভিযান শুরু করবে। ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। ২৯ নভেম্বর কলকাতা ডার্বি। ২০২৬-২৭ মরসুমের কলকাতা ডার্বির দিনও ঘোষণা হয়েছে। ২৯ নভেম্বর রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

মণিপুরেও হবে ISL-এর ম্যাচ

এবারের মরসুমে মণিপুরেও হবে আইএসএলের ম্যাচ। ২৪ নভেম্বর ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসি খেলবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। নভেম্বরের দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতির পর হবে ম্যাচটি। ২০২৬-২৭ মরসুমে মোট ১৩টি দল অংশ নিচ্ছে। নতুন ক্লাব-চালিত ব্যবস্থায় হোম-অ্যাওয়ে ফরম্যাটে ম্যাচ হবে এবং প্লে-অফ ফরম্যাটও ফিরছে।