Kane Williamson Retires: আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কিউই তারকা কেন উইলিয়ামসন। ইংল্যান্ড সফরের মাঝপথেই কেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। বাইশ গজে সর্বকালের অন্যতম সেরা কিউই ক্রিকেটারের দীর্ঘ ১৬ বছরের কেরিয়ারে ইতি পড়ল।

Kane Williamson Retires: আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কিউই তারকা কেন উইলিয়ামসন। ইংল্যান্ড সফরের মাঝপথেই কেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। বাইশ গজে সর্বকালের অন্যতম সেরা কিউই ক্রিকেটারের দীর্ঘ ১৬ বছরের কেরিয়ারে ইতি পড়ল। দেশের ইতিহাসে সর্বাধিক আন্তর্জাতিক রান সংগ্রাহক এবং সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে পরিচিত এই তারকা অবিলম্বে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণার সঙ্গে এক অধ্য়ায়ের শেষ হল। বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুটের সঙ্গে কেন উইলিয়ামন-কে আন্তর্জাতিক ক্রিকেটে বিগ ফোরের বন্ধনীতে রাখা হত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

১৯ হাজার আন্তর্জাতিক রানের মালিক, আছে ৪৮টি সেঞ্চুরি

২০১০ সালে নিউজিল্যান্ডের হয়ে অভিষেকের পর তিন ফরম্যাট মিলিয়ে ৩৭৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ক্যারিয়ারের শেষে তাঁর ঝুলিতে রয়েছে ১৯,৩৪৬ আন্তর্জাতিক রান, ৪৮টি শতরান এবং ৬টি দ্বিশতরান। নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এত রান আর কোনও ব্যাটার করতে পারেননি। এর আগে ২০২৫ সালের নভেম্বরে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন উইলিয়ামসন। এবার আন্তর্জাতিক ক্রিকেটের বাকি দুই ফরম্যাট থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ৩৫ বছর বয়সি এই ক্রিকেটার।

অবসর ঘোষণা করে কী বললেন কেন

অবসরের ঘোষণা করে উইলিয়ামসন বলেন, “বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম। গত কয়েক দিনে আমার কাছে পরিষ্কার হয়ে যায় যে এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমার আবেগ ও ক্ষুধা সবসময়ই ছিল। নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। এর চেয়ে কম কিছু নিয়ে চালিয়ে যাওয়া ঠিক হবে না। তাই নিজের শর্তেই বিদায় নিতে পারছি বলে আমি ভাগ্যবান মনে করছি।”একই সঙ্গে ভবিষ্যতের নিউজিল্যান্ড দল নিয়েও আশাবাদী উইলিয়ামসন। তাঁর কথায়, "এই দলের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। বিশেষ কিছু অর্জন করার ইচ্ছাও রয়েছে। এই দলকে আমি ভীষণ ভালোবাসি। এত দীর্ঘ সময় এর অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি।"

অধিনায়ক হিসেবে বড় সাফল্য

ব্যাটার হিসেবে সাফল্যের পাশাপাশি অধিনায়ক হিসেবেও নিউজিল্যান্ড ক্রিকেটে অনন্য ছাপ রেখে গিয়েছেন উইলিয়ামসন। টেস্ট, ওয়ানডে এবং টি-২০—তিন ফরম্যাটেই ব্ল্যাকক্যাপসদের নেতৃত্ব দিয়েছেন তিনি। টেস্টে ৪০ ম্যাচে অধিনায়কত্ব করে ২২টি জয় এনে দিয়েছেন, যা নিউজিল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক। ওয়ানডেতে ৯১ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৬টি জয় পেয়েছেন। অন্যদিকে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ৭৫ ম্যাচে ৩৯টি জয় এনে দিয়ে দেশের সবচেয়ে সফল টি-২০ অধিনায়ক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

অধিনায়ক হিসেবে জেতেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশিপ 

তাঁর নেতৃত্বেই নিউজিল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সময় কাটিয়েছে। ২০১৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল এবং ২০২১ সালে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের সাফল্য এসেছে উইলিয়ামসনের হাত ধরেই। এছাড়া ২০২১ টি-২০ বিশ্বকাপের ফাইনাল, ২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালেও দলকে পৌঁছে দিয়েছিলেন তিনি।

ব্যক্তিগত সাফল্য

ব্যক্তিগত সাফল্যের ক্ষেত্রেও কম যাননি উইলিয়ামসন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। একই বছরে আইসিসি টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কারও জেতেন। শান্ত স্বভাব, মার্জিত ব্যাটিং এবং অসাধারণ নেতৃত্বগুণের জন্য তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত হন।