Apple iPhone Duo Screen Issue: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুয়োর ভেতরের স্ক্রিনে ফাটল ধরার অভিযোগ উঠেছে। সমস্যা সমাধানে সার্ভিস সেন্টারগুলোকে নির্দেশ দিয়েছে অ্যাপল। ওয়ারেন্টি শেষ হলে এই স্ক্রিন বদলাতে বিশাল খরচ হতে পারে বলে রিপোর্টে জানা গেছে।

Apple iPhone Duo Screen Issue: অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুয়োর ভেতরের স্ক্রিনে ফাটল দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। যেসব ফোনে এই সমস্যা দেখা যাচ্ছে, সেগুলো পরীক্ষা করে মেরামত বা বদলে দেওয়ার জন্য অ্যাপল তাদের রিটেইল স্টোর এবং অনুমোদিত সার্ভিস সেন্টারগুলোকে নির্দেশ দিয়েছে। প্রথমদিকে যারা ফোনটি কিনেছিলেন, মূলত তাদের থেকেই স্ক্রিন খারাপ হওয়ার এই অভিযোগগুলো আসছে। টেক নিউজ ওয়েবসাইট ম্যাকরুমার্স জানিয়েছে, চলতি সপ্তাহে একটি ইন্টারনাল মেমোর মাধ্যমে অ্যাপল এই নতুন নির্দেশিকা পাঠিয়েছে। কোম্পানির দাবি, আইফোন ডুয়োর খুব সামান্য কিছু ইউনিটে এই সমস্যা দেখা গেছে। যাদের ফোনের ডিসপ্লেতে সমস্যা হচ্ছে, তাদের অ্যাপলকেয়ারের সঙ্গে যোগাযোগ করতে বলেছে কোম্পানি।

কেন ফাটছে আইফোন ডুয়োর স্ক্রিন?

গ্রাহকদের হাতে ফোন পৌঁছানোর পরেই ভেতরের ডিসপ্লেতে ফাটল এবং উজ্জ্বল দাগ দেখা দেওয়ার অভিযোগ উঠতে শুরু করে। মূলত ফোনের মাঝখানের হিঞ্জ বা কবজার কাছেই এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। ম্যাকরুমার্সের রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ার এক গ্রাহক ২০ বারেরও কম সময় ফোনটি খোলা এবং বন্ধ করেছিলেন, তাতেই স্ক্রিনে ফাটল ধরে যায়। ওই গ্রাহক জানিয়েছেন, বাইরে থেকে ফোনে কোনো আঘাত লাগেনি।

হিঞ্জের ত্রুটিই কি আসল কারণ?

অ্যাপল এখনও আনুষ্ঠানিকভাবে এই সমস্যার আসল কারণ নিশ্চিত করেনি। তবে, রিপেয়ার ওয়েবসাইট আইফিক্সিট প্রাথমিক পরীক্ষা করে জানিয়েছে, হিঞ্জের ত্রুটির কারণেই স্ক্রিন ফাটতে পারে। আইফিক্সিটের মতে, ফোন ভাঁজ করার সময় হিঞ্জের ভেতরের সাপোর্ট বারটি ঠিকমতো ভেতরে ঢুকছে না। এর ফলে ডিসপ্লের একটি নির্দিষ্ট অংশে অতিরিক্ত চাপ পড়ছে এবং ফাটল তৈরি হচ্ছে। হিঞ্জের গঠন বোঝার জন্য আইফিক্সিট বিভিন্ন টেস্ট ফুটেজ, পেটেন্ট এবং সিটি স্ক্যান ব্যবহার করে একটি থ্রিডি মডেল তৈরি করেছে। তবে রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, এটি কেবল একটি সম্ভাবনা এবং অ্যাপল এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

স্ক্রিন সারাতে খরচ অনেক, দিতে হবে ৯৯৯ ডলার

আইফিক্সিট জানিয়েছে, আইফোন ডুয়োর ভেতরের ডিসপ্লে বদলানো খুব একটা সহজ কাজ নয়। এখনও পর্যন্ত পরীক্ষা করা ফোল্ডেবল ফোনগুলোর মধ্যে আইফোন ডুয়োকে সহজে মেরামতযোগ্য বলা হলেও, রিপেয়ারেবিলিটি স্কোরে একে ১০-এর মধ্যে আপাতত ৫ দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে গেলে আমেরিকায় এই স্ক্রিন বদলাতে ৯৯৯ ডলার (প্রায় ৯৪,৮১৭ টাকা) খরচ হবে।

ফোন ফেরত নিচ্ছে না কোম্পানি, গ্রাহকদের কী করণীয়?

স্ক্রিনের এই সমস্যার জন্য অ্যাপল এখনও কোনো অফিসিয়াল রিকল বা বিশেষ রিপেয়ার প্রোগ্রাম ঘোষণা করেনি। সার্ভিস সেন্টারগুলোকে আপাতত বর্তমান নিয়ম মেনেই পরীক্ষা ও মেরামতের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। স্ক্রিনে ফাটল বা অস্বাভাবিক কোনো দাগ দেখলে গ্রাহকদের অ্যাপলকেয়ার বা অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে। পরীক্ষার পর কোম্পানির বর্তমান নিয়ম অনুযায়ী ফোন মেরামত করে দেওয়া হবে বা বদলে দেওয়া হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।