২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি, নকশা ও ব্র্যান্ডের মোবাইল ফোন বাজারে আনার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর ঘোষণা, ভারতেই তৈরি হবে, ভারতীয়দের নকশা করা এবং ভারতীয় ব্র্যান্ডের মোবাইল ফোন। আগামী দিনে স্মার্টফোনের দুনিয়ায় অ্যাপল ও স্যামসাংয়ের মতো সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে ভারত।
২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি, নকশা ও ব্র্যান্ডের মোবাইল ফোন বাজারে আনার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর ঘোষণা, ভারতেই তৈরি হবে, ভারতীয়দের নকশা করা এবং ভারতীয় ব্র্যান্ডের মোবাইল ফোন। আগামী দিনে স্মার্টফোনের দুনিয়ায় অ্যাপল ও স্যামসাংয়ের মতো সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে ভারতের নিজস্ব ব্র্যান্ড। শুক্রবার দিল্লিতে NDTV World Summit-এ বক্তব্য রাখতে গিয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন, ২৩ অক্টোবর ২০২৮ তারিখটি মনে রাখুন। ওই সময়ের মধ্যে ভারতীয় নকশায় তৈরি, ভারতে উৎপাদিত এবং ভারতীয় ব্র্যান্ডের মোবাইল ফোন থাকবে। অর্থাৎ, আগামী দু’বছরের মধ্যে এই লক্ষ্য পূরণ করতে চায় কেন্দ্র।
মোবাইল তৈরি করা এত কঠিন কেন?
মন্ত্রী জানান, একটি মোবাইল ফোন তৈরি করা অত্যন্ত জটিল প্রযুক্তিগত প্রক্রিয়া। ছোট্ট একটি ডিভাইসের মধ্যে রেডিও ফ্রিকোয়েন্সি যোগাযোগ ব্যবস্থা, অ্যান্টেনা, প্রসেসর, মেমোরি, ক্যামেরা মডিউল, ডিসপ্লে এবং পাওয়ার ম্যানেজমেন্টের মতো একাধিক গুরুত্বপূর্ণ উপাদানকে একসঙ্গে যুক্ত করতে হয়। একই সঙ্গে ফোনের ওজন, বিদ্যুৎ খরচ ও কার্যক্ষমতার ভারসাম্য বজায় রাখতে হয়।
ভারতীয় সংস্থার নকশায় তৈরি হচ্ছে ফোন
অশ্বিনী বৈষ্ণবের দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে ভারতীয় সংস্থাগুলির নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা তৈরির উপর জোর দেওয়া হয়েছে। তিন বছর আগে ভারতীয় ডিজাইনারদের মোবাইল ফোনের মাদারবোর্ড বা PCB তৈরির চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। দুটি সংস্থা সেই উদ্যোগে এগিয়ে আসে। তাদের মধ্যে একটি সংস্থার নকশা আমেরিকার বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে একটির জন্য নির্বাচিত হয়েছে। মন্ত্রী জানান, ওই নকশার ভিত্তিতে তৈরি 5G-সহ উন্নত প্রযুক্তির ফোন ইতিমধ্যেই উৎপাদিত হয়েছে এবং গ্রাহকদের কাছে পৌঁছেছে।
লক্ষ্য শুধু উৎপাদন নয়, ভারতীয় ব্র্যান্ড তৈরি
কেন্দ্রের লক্ষ্য শুধু ভারতে বিদেশি সংস্থার মোবাইল ফোন তৈরি করা নয়। ফোনের নকশা, মেধাস্বত্ব বা Intellectual Property (IP) এবং ব্র্যান্ডের মালিকানাও ভারতে রাখার উপর জোর দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দেশীয় সংস্থাগুলিকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার উপযুক্ত করে তোলার পরিকল্পনা রয়েছে। এই উদ্দেশ্যে কেন্দ্র ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত পাঁচ বছরের জন্য ৬২,৫০০ কোটি টাকার মোবাইল ফোন উৎপাদন প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পের মাধ্যমে দেশীয় উৎপাদন বাড়ানো, ভারতীয় ব্র্যান্ডকে উৎসাহ দেওয়া এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।
