iPhone 18 Pro Face ID Issue: আইফোন ১৮ প্রো আর প্রো ম্যাক্স মডেলে ফেস আইডি ব্যবহার করলেই ফোন হ্যাং হয়ে যাচ্ছে। এরপর নিজে থেকেই রিবুট হচ্ছে ফোন। স্ক্রিনের নিচে ইনফ্রারেড ক্যামেরা সরানোর জন্য এমনটা হচ্ছে, নাকি এটা কোনও সফটওয়্যার বাগ, তা এখনও পরিষ্কার নয়। তবে অ্যাপল হয়তো তাদের আসন্ন আইওএস ২৭ আপডেটে এই সমস্যার সমাধান করবে।

iPhone 18 Pro Face ID Issue: আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স ব্যবহারকারীদের জন্য নতুন মাথাব্যথার কারণ? ফেস আইডি ব্যবহার করতে গেলেই ফোন হ্যাং হয়ে যাচ্ছে। এরপর নিজে থেকেই রিবুট হয়ে লক স্ক্রিনে ফিরে আসছে। সব ব্যবহারকারী এই সমস্যায় না পড়লেও, ফেস আইডি নিয়ে বেশ কিছু অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে (iPhone 18 Pro Face ID Issue)। অ্যাপ খোলার জন্য ফেস আইডি ব্যবহার করার সময়ই মূলত এই সমস্যা দেখা দিচ্ছে। ফেস আইডি দিয়ে আনলক করার চেষ্টা করলেই আইফোন আর কোনও কাজ করছে না। কিছুক্ষণ পর নিজে থেকেই রিবুট হয়ে যাচ্ছে। রিবুট হওয়ার পর, ফোন আবার লক স্ক্রিনে ফিরে আসছে বলে অনেক ব্যবহারকারীরা জানিয়েছেন। ম্যাকরুমার্স-এর রিপোর্ট অনুযায়ী, রেডিটে এক ব্যবহারকারী প্রথম এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন। বিজনেস টুডে-র রিপোর্ট বলছে, নাইনটুম্যাক (9toMac) প্রথম এই পোস্টটি সবার নজরে আনে।

'ফেস আইডি পাওয়া যাচ্ছে না' ওয়ার্নিং

ম্যাকরুমার্স ফোরামেও একই ধরনের অভিযোগ উঠেছে। বেশ কয়েকজন আইফোন ১৮ প্রো ব্যবহারকারী জানিয়েছেন, ফেস আইডি সেটআপ করার সময় তারা 'ফেস আইডি নট অ্যাভেইলেবল' (Face ID not available) বা ফেস আইডি পাওয়া যাচ্ছে না বলে একটি ওয়ার্নিং পাচ্ছেন। এছাড়া ফেস আইডি ব্যবহারের সময় ব্যবহারকারী স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন কি না, তা বোঝার জন্য যে 'রিকোয়ার অ্যাটেনশন' (Require Attention) ফিচার রয়েছে, সেটাও ঠিকমতো কাজ করছে না বলে অনেকে অভিযোগ করেছেন।

ফেস আইডি সিস্টেমে অ্যাপলের বদল

রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৮ প্রো মডেলে ফেস আইডির হার্ডওয়্যারে কিছু পরিবর্তন এনেছে অ্যাপল। ডায়নামিক আইল্যান্ডের আকার ছোট করার জন্য ইনফ্রারেড ক্যামেরাটি স্ক্রিনের নিচে, ওপরের বাঁ-দিকে সরিয়ে নেওয়া হয়েছে। এই হার্ডওয়্যার পরিবর্তনের কারণেই ফেস আইডিতে সমস্যা হচ্ছে কি না, তা এখনও পরিষ্কার নয়। তবে অনেকেই মনে করছেন, সফটওয়্যারের কোনও বাগের কারণেও এমনটা হতে পারে।

আইওএস ২৭ আপডেটে কি সমাধান মিলবে?

ম্যাকরুমার্স-এর রিপোর্ট বলছে, আগামী দিনে আইওএস ২৭ (iOS 27) আপডেটের মাধ্যমে অ্যাপল হয়তো ফেস আইডির এই সমস্যার সমাধান করবে। এখনও পর্যন্ত খুব কম সংখ্যক ব্যবহারকারী এই সমস্যার কথা জানিয়েছেন। তাই আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলে এই সমস্যা ঠিক কতটা বড় আকার ধারণ করেছে, তা এখনও স্পষ্ট নয়। সব ব্যবহারকারীই যে এই সমস্যায় পড়ছেন, এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।