iPhone 18 Pro: শোনা যাচ্ছে, ২০২৬ সালের সেপ্টেম্বরে iPhone 18 Pro এবং Pro Max লঞ্চ হতে পারে। এতে থাকতে পারে ভ্যারিয়েবল-অ্যাপারচার ক্যামেরা, নতুন A20 চিপসেট, বড় ব্যাটারি এবং ভারতে এর দামও অনেকটাই বাড়তে পারে।
iPhone 18 Pro: আনুষ্ঠানিক লঞ্চের এখনও অনেক মাস বাকি, কিন্তু এর মধ্যেই অ্যাপলের পরবর্তী হাই-এন্ড আইফোন নিয়ে খবরের শিরোনামে চর্চা শুরু হয়ে গেছে। বিভিন্ন সূত্রে ফাঁস হওয়া খবর অনুযায়ী, iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max সম্ভবত ১২ সেপ্টেম্বর, ২০২৬-এ লঞ্চ হতে পারে। যদিও অ্যাপল এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে সংস্থাটি সাধারণত সেপ্টেম্বরেই নতুন মডেল লঞ্চ করে থাকে।
সাম্প্রতিক রিপোর্ট বলছে, অ্যাপেল এবার তাদের লঞ্চের কৌশলে একটা বড়সড় বদল আনতে পারে। শোনা যাচ্ছে, iPhone 18 Pro মডেলগুলি সাধারণ iPhone 18 ভ্যারিয়েন্টের থেকে আলাদাভাবে লঞ্চ করা হতে পারে। এমনকি জল্পনা চলছে যে, প্রো মডেলগুলি অ্যাপেলের বহুচর্চিত ফোল্ডেবল আইফোনের সঙ্গে বাজারে আসতে পারে। যদি এটা সত্যি হয়, তবে অ্যাপেলের লঞ্চ স্ট্র্যাটেজিতে এটি একটি বিরাট পরিবর্তন হবে।
iPhone 18 Pro সিরিজ: ক্যামেরায় কী কী নতুনত্ব থাকতে পারে?
মনে করা হচ্ছে, iPhone 18 Pro Max-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে এর ভ্যারিয়েবল-অ্যাপারচার প্রাইমারি ক্যামেরা। বর্তমান আইফোনগুলিতে একটি নির্দিষ্ট অ্যাপারচার থাকে। কিন্তু এই নতুন সেন্সরের মাধ্যমে লেন্সে কতটা আলো ঢুকবে তা নিয়ন্ত্রণ করা যাবে। তার ফলে, কম আলোতে ফোটোগ্রাফি আরও ভালো হবে। পোট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার আরও রিয়ালিস্টিক দেখাবে এবং কঠিন আলোতেও ভিডিও রেকর্ডিংয়ের মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
iPhone 18 Pro সিরিজ: চিপসেট ও ব্যাটারির সম্ভাব্য ফিচার
এই ফ্ল্যাগশিপ ফোনটিতে অ্যাপেলের নতুন A20 চিপসেট থাকতে পারে, যা TSMC-র অত্যাধুনিক ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হবে বলে খবর। এর ফলে, সিপিইউ-এর পারফরম্যান্স আরও দ্রুত হবে এবং ফোনটি কম পাওয়ার ব্যবহার করবে। আরও ভালো কানেক্টিভিটির জন্য অ্যাপেল তাদের নিজস্ব C2 মোডেমও আনতে পারে।
iPhone 18 Pro Max-এ ৫,২০০mAh পর্যন্ত ব্যাটারি থাকতে পারে, যা আইফোনের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটারি হতে পারে। এছাড়া, ফোনটিতে ৩৫% ছোট ডায়নামিক আইল্যান্ড, বড় ব্যাটারির জন্য কিছুটা মোটা বডি এবং আরও উজ্জ্বল LTPO+ ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।
iPhone 18 Pro সিরিজ: ভারতে কত দাম হতে পারে?
গুজব রয়েছে যে iPhone 18 Pro সিরিজের দাম বেশ কিছুটা বাড়তে পারে। বিভিন্ন যন্ত্রাংশ ও উৎপাদন খরচ বাড়ার কারণে ভারতে প্রো মডেলগুলির দাম ২০,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদি এই খবর সত্যি হয়, তাহলে iPhone 18 Pro Max অ্যাপেলের এখনও পর্যন্ত সবচেয়ে দামি ফোন হয়ে উঠতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


