Motorola Edge 70 Pro: Motorola-র নতুন স্মার্টফোন সিরিজ Edge 70 Pro এবং Edge 70 Pro Plus খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। একটি সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনগুলি দেখা যাওয়ার পরেই Edge 70 Pro-এর ডিজাইন, রঙের বিকল্প, ট্রিপল ক্যামেরা এবং কার্ভড ডিসপ্লের মতো বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।
Motorola Edge 70 Pro: রিপোর্ট অনুযায়ী, মটোরোলা তাদের এজ ৭০ প্রো এবং এজ ৭০ প্রো প্লাস ফোন দুটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও কোম্পানির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে দুটি স্মার্টফোনেরই ইন্ডিয়ান ইউনিট একটি সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এর থেকে মনে করা হচ্ছে যে, ফোনগুলি ভারতেও খুব তাড়াতাড়ি লঞ্চ হবে।
কী কী জানা গেল Motorola Edge 70 Pro নিয়ে?
ইন্টারনেটে ফাঁস হওয়া কিছু ছবি থেকে Motorola Edge 70 Pro-এর ডিজাইন, ফিনিশিং এবং রঙের বিকল্পগুলি সামনে এসেছে। মনে করা হচ্ছে, ফোনটি 'ফোন সিজ দ্য নাইট' (Phone Sees The Night) ট্যাগলাইন নিয়ে বাজারে আসতে পারে। নতুন এই মডেলটি নীল, সবুজ এবং সাদা—এই তিনটি রঙে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। নীল রঙের ভ্যারিয়েন্টে থাকবে টেইলর্ড ফ্যাব্রিক ফিনিশ, সবুজ রঙে সাটিন লাক্স ফিনিশ এবং সাদা রঙে মার্বেল ফিনিশ দেওয়া হতে পারে।
Motorola Edge 70 Pro-এর ডিজাইনের দিকে তাকালে দেখা যাচ্ছে, ফোনটির পিছনে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল থাকবে, যেখানে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি LED ফ্ল্যাশ রয়েছে। ফোনের মাঝখানে মটোরোলার লোগো থাকবে। ফোনটিতে একটি কার্ভড ডিসপ্লে এবং সেলফি ক্যামেরার জন্য হোল-পাঞ্চ কাটআউট ডিজাইন ব্যবহার করা হয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনের পাশে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল বাটন থাকতে পারে। অন্যদিকে, ফোনের নিচের অংশে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার, মাইক্রোফোন এবং সিম ট্রে দেওয়া হবে।
সার্টিফিকেশন পেল Motorola Edge 70 Pro ও Pro Plus
এছাড়াও, রিপোর্ট থেকে জানা গেছে যে Motorola Edge 70 Pro এবং Motorola Edge 70 Pro Plus দুটি ফোনই HDR10+ সার্টিফিকেশন পেয়েছে। এর ফলে ভারতে ফোনদুটির লঞ্চের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। এই স্মার্টফোন সিরিজের তৃতীয় ফোন, Motorola Edge 70 Pro Lite-ও কোম্পানি শীঘ্রই লঞ্চ করার পরিকল্পনা করছে। এই ফোনগুলির কোডনেম যথাক্রমে টেরেইন, টেরেইন প্লাস এবং টেরেইন লাইট। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই ফোনগুলির ফিচার এবং দাম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

