Samsung Galaxy S27: স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ লঞ্চ হওয়ার মাত্র দু-মাসের মধ্যেই পরবর্তী মডেল, অর্থাৎ গ্যালাক্সি এস২৭ সিরিজের খবর নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে, এই সিরিজে UFS 5.0 স্টোরেজ এবং একটি কাস্টম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকতে পারে।

Samsung Galaxy S27: স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজ বাজারে এসেছে মাত্র দু-মাস হল। তার মধ্যেই টেক দুনিয়ায় পরবর্তী প্রজন্মের মডেল, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এস২৭ সিরিজ নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে গেছে। নতুন রিপোর্ট অনুযায়ী, এই সিরিজের ফোনে UFS 5.0 স্টোরেজ টেকনোলজি ব্যবহার করা হতে পারে। গত বছর, এই প্রযুক্তির কথা ঘোষণা করা হলেও, ফোনটির স্পেসিফিকেশন এই বছরই সামনে এসেছে। আশা করা হচ্ছে, ২০২৬ সালের শেষে বা ২০২৭ সালের শুরুতে এই প্রযুক্তিযুক্ত স্মার্টফোনটি বাজারে চলে আসবে।

গ্যালাক্সি এস২৭ সিরিজের গোপন তথ্য

সূত্রের খবর, স্যামসাং হয়ত সব মডেলে UFS 5.0 ব্যবহার করবে না। বরং, কয়েকটি বাছাই করা মডেলেই এই ফিচার দেওয়া হবে। বিশ্বজুড়ে মেমরি এবং চিপসেটের ঘাটতি থাকার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, বেস স্টোরেজ কনফিগারেশনে খুব বড় কোনও পরিবর্তন হয়ত করা হবে না।

মূলত, গ্যালাক্সি এস২৭ আলট্রা মডেলেই UFS 5.0 স্টোরেজ পাওয়ার সম্ভাবনা বেশি। সাধারণ এস২৭ এবং এস২৭+ মডেলগুলিতে সম্ভবত UFS 4.0 বা UFS 4.1-এর মতো পুরনো টেকনোলজিই ব্যবহার করা হবে। তার ফলে, পারফরম্যান্সের দিক দিয়ে আলট্রা মডেলটি অনেকটাই এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এস২৭ আলট্রা মডেলে একটি কাস্টম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ প্রো প্রসেসর থাকতে পারে। পাশাপাশি ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর-সহ একটি কোয়াড ক্যামেরা সেটআপেরও আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে, 'Lofic' টেকনোলজির সাহায্যে ক্যামেরার লাইট ক্যাপচার করার ক্ষমতাও বাড়ানো হবে। কিছু রিপোর্টে বলা হয়েছে যে, আলট্রা মডেলে এস পেন সাপোর্ট এবং ডিজিটাইজার সিস্টেম আগের মতোই থাকবে।

গ্যালাক্সি এস২৬ আলট্রার স্পেসিফিকেশন

বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা ফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির ডায়নামিক LTPO AMOLED 2X ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৬০০ নিটস ব্রাইটনেস। স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেটযুক্ত এই মডেলে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা-সহ কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও, ৫০০০ mAh ব্যাটারি, ৬০ ওয়াট ওয়্যারড চার্জিং এবং ২৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা রয়েছে। তবে গ্যালাক্সি এস২৭ সিরিজ সম্পর্কে এই সব তথ্যই এখনও জল্পনার স্তরে রয়েছে। স্যামসাংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।