স্কুল-কলেজ থেকে অফিস, সর্বত্রই ব্যবহার হয় হোয়াটসঅ্যাপ। কিন্তু অনেকেই এই অ্যাপ ব্যবহার করেন না বলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করতেন। সেই সমস্যা এবার মিটতে চলেছে।

যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই, তাদেরও বিভিন্ন আয়োজনে আমন্ত্রণ জানানো যাবে— এমনই দুর্দান্ত ফিচার নিয়ে হাজির হল জুকারবার্গের সংস্থা। গত ৫ নভেম্বর ২০২৬ মেটা আনুষ্ঠানিকভাবে এই আপডেট ঘোষণা করেছে।

এতদিন হোয়াটসঅ্যাপে কোনও ইভেন্ট তৈরি করলে শুধু গ্রুপের সদস্যরাই তার নোটিফিকেশন পেতেন। কিন্তু নতুন আপডেটে আপনি একটি শেয়ারযোগ্য ইনভাইট লিঙ্ক তৈরি করতে পারবেন। সেই লিঙ্ক যে কাউকে পাঠানো যাবে— টেক্সট মেসেজ, ইমেলে বা QR কোড হিসেবে।

অ্যাকাউন্ট ছাড়া কীভাবে RSVP করবেন?

যার হোয়াটসঅ্যাপ নেই, তিনি লিঙ্কটি ব্রাউজারে খুললেই ইভেন্টের সমস্ত তথ্য দেখতে পাবেন। সেখানেই Going, Maybe বা Not Going— এই তিনটি অপশন থেকে বেছে নিয়ে RSVP করতে পারবেন। এর জন্য তাকে নাম ও মোবাইল নম্বর দিতে হবে, কিন্তু অ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট খোলার কোনও দরকার নেই। আয়োজক তার ইভেন্ট পেজেই সবার রেসপন্স একসঙ্গে দেখতে পাবেন।

কী থাকছে নতুন Events Home-এ? এই ফিচারের সঙ্গেই আসছে নতুন Events Home হাব। এটি পাবেন Settings > Events অপশনে। এখানে আপনি—

- কভার ফটো সহ কাস্টমাইজড ইনভাইট তৈরি করতে পারবেন - সমস্ত আপকামিং এবং পুরনো ইভেন্ট এক জায়গায় দেখতে পাবেন - গেস্টদের জন্য কাস্টম রিমাইন্ডার সেট করতে পারবেন - প্লাস-ওয়ান অপশন যোগ করতে পারবেন

প্রাইভেসির কী ব্যবস্থা? মেটা জানিয়েছে, এই ফিচারে প্রাইভেসির খেয়াল রাখা হয়েছে। আপনি যাদের চেনেন না, তাদের কাছে আপনার ফোন নম্বর দেখানো হবে না। আর যাদের হোয়াটসঅ্যাপ নেই, তারা RSVP করার পরেই ইভেন্টের ঠিকানা দেখতে পাবেন, তার আগে নয়।

সংস্থা জানিয়েছে, এই নতুন Events ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সকল ইউজারের কাছে রোলআউট হয়ে যাবে।