Zero Watt Bulb: নাম ‘জিরো ওয়াট’ হলেও কি বিদ্যুৎ খরচ হয় না? সারা রাত নাইট ল্যাম্প জ্বালিয়ে রাখলে মাসে বিল কত বাড়ে হিসাব সহ জানুন। তাহলে ভবিষ্যতের খরচের বিষয়ে সতর্ক হয়ে যেতে পারবেন।

Zero Bulb: বাথরুম, সিঁড়ি বা বাচ্চার ঘরে রাতভর যে ছোট আলোটা জ্বলে থাকে সেটাকে আমরা সবাই "জিরো ওয়াট বাল্ব" বলেই চিনি। নাম শুনেই মনে হয় এটা বুঝি একদমই বিদ্যুৎ খায় না। কিন্তু বাস্তবে কি তাই? নাম "জিরো ওয়াট" হলেও এর পিছনে কি প্রতি মাসে কিছু না কিছু বিল যোগ হচ্ছে? চলুন একদম সহজ হিসাব করে দেখি। আসলে বাজারে "জিরো ওয়াট" বলে কিছু হয় না। এই নামটা পুরোটাই মার্কেটিং। আমরা যেগুলোকে জিরো ওয়াট বলি সেগুলো আসলে 0.৫ ওয়াট থেকে ৫ ওয়াট পর্যন্ত হয়। এখনকার বেশিরভাগ LED নাইট ল্যাম্প ১ ওয়াট থেকে ৩ ওয়াটের মধ্যেই থাকে। আর পুরনো দিনের ফিলামেন্ট বাল্বগুলো ১০ থেকে ১৫ ওয়াটও হত। হিসাবের সুবিধার জন্য ধরে নিই আপনার বাড়িতে ৩ ওয়াটের একটি LED নাইট ল্যাম্প আছে যেটা আপনি প্রতিদিন রাতে ১০ ঘন্টা করে জ্বালান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কত বিদ্যুৎ খরচ হয়?

এবার ইউনিটের হিসাব। সূত্র হল ওয়াট গুণ ঘন্টা গুণ দিন ভাগ ১০০০। অর্থাৎ ৩ ওয়াট গুণ ১০ ঘন্টা গুণ ৩০ দিন ভাগ ১০০০ সমান ০.৯ ইউনিট। পশ্চিমবঙ্গে এখন ঘরোয়া বিদ্যুতের রেট সব চার্জ ধরে গড়ে ৮.৫০ টাকা থেকে ১০ টাকা প্রতি ইউনিট। সেই হিসেবে ০.৯ ইউনিটের দাম দাঁড়ায় মাত্র ৯ টাকা। তার মানে সারাত ৩ ওয়াটের বাল্ব জ্বালিয়েও আপনার মাসে ১০ টাকারও কম বিল আসবে। যদি ৫ ওয়াটের হয় তাহলে মাসে খরচ হবে প্রায় ১.৫ ইউনিট অর্থাৎ ১৫ টাকা। আর যদি এখনও পুরনো ১৫ ওয়াটের বাল্ব ব্যবহার করেন তাহলে মাসে বিল হবে প্রায় ৪৫ টাকা।

জিরো বাল্বে কি লাভ হয়?

তাহলে প্রশ্ন হল জিরো ওয়াট বাল্ব কেনা কি আদৌ লাভের? উত্তর হল একদম লাভের। তুলনা করলে বুঝবেন। একটি ৬০ ওয়াটের সাধারণ বাল্ব যদি দিনে ১০ ঘন্টা জ্বলে তাহলে মাসে তার বিল আসে প্রায় ১৮০ টাকা। সেখানে ৩ ওয়াটের নাইট ল্যাম্পে বিল মাত্র ৯ টাকা। অর্থাৎ খরচ প্রায় ২০ গুণ কম। তাই রাতে অল্প আলোর দরকার হলে LED নাইট ল্যাম্পই সবচেয়ে সাশ্রয়ী। বিল আরও কমাতে চাইলে এখন বাজারে ১০০ থেকে ২০০ টাকার মধ্যে মোশন সেন্সর যুক্ত নাইট ল্যাম্প পেয়ে যাবেন। কেউ কাছে গেলেই জ্বলবে আবার সরে গেলেই বন্ধ হয়ে যাবে। এতে বিল আরও ৭০ শতাংশ কমে যায়। এছাড়া সোলার নাইট ল্যাম্পও ভালো অপশন। দিনে রোদে চার্জ হবে আর রাতে নিজে থেকেই জ্বলবে। এতে বিদ্যুতের বিল একদমই শূন্য। "জিরো ওয়াট" নামটা ভুল হলেও LED নাইট ল্যাম্প যে খুবই কম বিদ্যুৎ খায় সেটা হিসাব দেখেই বোঝা যাচ্ছে। সারা রাত জ্বালিয়ে রাখলেও পকেটে চাপ পড়বে না। মাসে ১০ থেকে ১৫ টাকার বিনিময়ে সারা রাতের আলো আর নিশ্চিন্তি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।