আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্য বিজেপি সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রীর উপস্থিতিতে তাঁকে উত্তরীয় পরিয়ে বিজেপি পরিবারে স্বাগত জানানো হয়। রাজ্য বিজেপির নেতৃত্ব বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, তাতে অনুপ্রাণিত হয়েই কোয়েল বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন।

আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্য বিজেপি সাধারণ সম্পাদিকা শ্রীমতি শশী অগ্নিহোত্রীর উপস্থিতিতে তাঁকে উত্তরীয় পরিয়ে বিজেপি পরিবারে স্বাগত জানানো হয়। যোগদান অনুষ্ঠানে রাজ্য বিজেপির নেতৃত্ব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবা, উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর নিরলস কাজ এবং পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, তাতে অনুপ্রাণিত হয়েই কোয়েল মল্লিক বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন। আগামী দিনে দেশের ও পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মানুষের সেবায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়।

কোয়েল মল্লিক বলেন, রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগ পাওয়া তাঁর কাছে অত্যন্ত সম্মানের এবং একইসঙ্গে বড় দায়িত্বের বিষয়। দেশের মানুষের কল্যাণ ও সেবার কাজে আরও বৃহত্তর পরিসরে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। এই দায়িত্বের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "গত কয়েক মাসে বাংলায় উন্নয়নের যে কাজ শুরু হয়েছে, তা দেখে তিনি অত্যন্ত আনন্দিত। পশ্চিমবঙ্গের মানুষ রাজ্যের উন্নয়ন চান এবং আরও বেশি কাজ ও কর্মসংস্থানের সুযোগ চান। কর্মসংস্থানের অভাব থেকেই সমাজে হতাশা ও নানা ধরনের নেতিবাচকতা তৈরি হয়। তাই মানুষের জন্য কাজের সুযোগ তৈরি করা এবং প্রত্যেকের জন্য উন্নত শিক্ষার ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।"

কোয়েল মল্লিক আরও বলেন, সমাজের একটি সুবিধাপ্রাপ্ত অংশের পাশাপাশি পিছিয়ে থাকা এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য আরও বেশি করে ভাবতে হবে। ছোটবেলা থেকেই তাঁর পরিবারের মাধ্যমে মানুষের সেবার সঙ্গে পরিচয় ঘটেছে। মিশনারিজ অফ চ্যারিটিতে ছোটবেলার বহু গ্রীষ্মের ছুটি কাটানোর অভিজ্ঞতা তাঁকে সমাজের বাস্তব চিত্রকে কাছ থেকে দেখতে এবং মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে তাঁকে নিয়ে ওঠা সমালোচনা প্রসঙ্গে কোয়েল মল্লিক বলেন, তিনি কারও সম্পর্কে খারাপ কথা বলতে চান না। যারা তাঁকে বা অন্যদের আক্রমণ করছেন, তাঁদের প্রতিও তাঁর কোনও রাগ নেই; বরং তিনি মনে করেন, মানুষের নেতিবাচক আচরণের পিছনেও কোনও না কোনও কারণ থাকে। তিনি সকলের মানসিক সুস্থতা ও মঙ্গল কামনা করেন।

তৃণমূল কংগ্রেসে তাঁর অতীত রাজনৈতিক যোগদানকে ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে দেখেন কি না—এই প্রশ্নের উত্তরে কোয়েল মল্লিক বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দল নিজেদের মতো করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করে। তিনি কোনও রাজনৈতিক দল বা ব্যক্তিকে ছোট করতে চান না। তবে বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি নিজেকে অত্যন্ত গর্বিত ও সৌভাগ্যবান মনে করছেন এবং মানুষের উন্নয়নের কাজে আরও বৃহত্তর পরিসরে অংশ নিতে চান। কোয়েল মল্লিক বলেন, তাঁর কাছে মানুষের সেবা এবং মনুষ্যত্বই সর্বোচ্চ। রাজনীতিতে আসার মূল উদ্দেশ্যও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের জীবনে সামান্য হলেও পরিবর্তন আনতে পারলে তাঁর জীবন সার্থক হবে বলে তিনি মনে করেন।

পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন নিয়েও রাজ্যসভায় কাজ করার আগ্রহ প্রকাশ করেন কোয়েল মল্লিক। তিনি বলেন, মানুষের সেবার কোনও শেষ নেই। যে কোনও ক্ষেত্রেই মানুষের কল্যাণের জন্য কাজ করার সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পের প্রতি তাঁর বিশেষ আবেগ রয়েছে এবং এই শিল্পের উন্নয়নের জন্য ভবিষ্যতে কাজ করার ইচ্ছা তাঁর রয়েছে। বিজেপিতে যোগদানের পর কোয়েল মল্লিক বলেন, মানুষের মঙ্গল, বাংলার উন্নয়ন এবং দেশের কল্যাণে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য।