Bangladeshi Woman Arrested News: সীমান্তে ফের সক্রিয় পাচারকারীরা। প্রকাশ্য দিবালোকে সোনা পাচারের সময় বিএসএফের হাতে গ্রেফতার বাংলাদেশি মহিলা। কত কেজি সোনা বাজেয়াপ্ত করল বিএসএফ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Bangladeshi Woman Arrested News: সীমান্তে ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা উদ্ধার। বিএসএফের হাতে গ্রেফতার বাংলাদেশি মহিলা। সূত্রের খবর, নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে ফের বড়সড় সোনা পাচারের চেষ্টা বানচাল করল বিএসএফ। বানীপুর সীমান্তবর্তী এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক মহিলাকে আটক করেন বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।
কত কেজি সোনা বাজেয়াপ্ত করল বিএসএফ?
বিএসএফ সূত্রে খবর, দীর্ঘক্ষণ নজরদারির পর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ওই মহিলাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় মোট ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা। বিএসএফের দাবি, উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা।
সোনা পাচারের ঘটনায় ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বিএসএফ আধিকারিকরা। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে সোনা আনা হয়েছিল এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে চোরাচালান রুখতে বর্তমানে নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। এই বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় ফের সক্রিয় কোনও বড় পাচারচক্রের হদিস মিলতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।
শুধু তাই নয়, শান্তিপুরে বাংলাদেশি যুবক আটক, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া শুরু পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুরের গোবিন্দপুর এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে আটক করে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তার পরিচয় ও নথিপত্র সম্পর্কে জানতে চায়। জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, পরবর্তী জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজেকে বাংলাদেশের গাজীপুর জেলার কালিগঞ্জ থানার বড়দা হিন্দি ফকিরবাড়ি এলাকার বাসিন্দা বলে জানায়। তার নাম রাজিব ফকির, বয়স ৩৩ বছর। পুলিশ সূত্রে আরও জানা যায়, ২০২০ সালে করোনা পরিস্থিতির সময় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ওই যুবক। প্রথমে উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকায় থাকার পর পরবর্তীতে শান্তিপুরে চলে আসে বলে পুলিশের দাবি।
বর্তমানে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। পাশাপাশি, আইন মেনে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য যে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া রয়েছে, সেটিও করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।


