Baruipur Crime News: বারুইপুরের ঘটনা নিয়ে এবার সিআইডি-ফরেন্সিক টিম উপস্থিত ঘটনাস্থলে। নির্মাণ করা হবে ঘটনার পুণঃনির্মাণ। কী বলছে পুলিশ প্রশাসন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Baruipur Crime News: বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে তদন্তে নতুন মোড়। অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টার-কাণ্ডের তদন্তে এবার বারুইপুর থানায় পৌঁছাল সিআইডির ফরেন্সিক টিম। সূত্রের খবর, থানায় প্রাথমিক নথি ও তথ্য খতিয়ে দেখার পর ফরেন্সিক বিশেষজ্ঞদের দল রওনা দেন ঘটনাস্থলের উদ্দেশে। এনকাউন্টারের প্রতিটি দিক খতিয়ে দেখতে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ সংগ্রহ ও ঘটনাস্থল পুনর্গঠনের কাজ করবে ফরেন্সিক টিম।

বারুইপুর থানায় সিআইডি-ফরেন্সিক দল:-
এদিকে, শনিবার বারুইপুরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই তাঁর এই সফরকে ঘিরে বাড়ছে জল্পনা। প্রশাসনিক ও তদন্ত সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী বলেই মনে করা হচ্ছে। বারুইপুরের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে নজর। এনকাউন্টার তদন্তে ফরেন্সিক টিমের রিপোর্ট এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে তদন্তকারী মহল।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই বারুইপুর কাণ্ডে এনকাউন্টারের তদন্তভার দেওয়া হল রাজ্য পুলিশের CID-কে। মঙ্গলবার রাতে পুলিশি এনকাউন্টারে নিহত হন ধর্ষণ এবং খুনের মামলায় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। ওই ঘটনায় ইতিমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এ বার ওই এনকাউন্টারের পুলিশি তদন্তভার তুলে দেওয়া হল সিআইডি-র হাতে।
বারুইপুর পুলিশ জেলার পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছেন অভিযুক্ত প্রভাস। নিয়ম অনুযায়ী বারুইপুর পুলিশ জেলা এই তদন্ত করতে পারে না। নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে। নিয়ম মোতাবেক পুলিশ এনকাউন্টারের ক্ষেত্রে বিচারবিভাগীয় তদন্ত হয়। সেই তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সিআইডি-র তদন্তের পাশাপাশি ওই বিচারবিভাগীয় তদন্তও চলবে সমান্তরাল ভাবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


