- Home
- West Bengal
- অন্নপূর্ণা ফর্মে সই করার আগে এই খবরটা পড়ুন, মাত্র ১৬ দিনেই ৩ কোটি বাংলার মানুষের ডেটা সরকারের হাতে! কীভাবে?
অন্নপূর্ণা ফর্মে সই করার আগে এই খবরটা পড়ুন, মাত্র ১৬ দিনেই ৩ কোটি বাংলার মানুষের ডেটা সরকারের হাতে! কীভাবে?
'অন্নপূর্ণা ভাণ্ডার' ফর্মের মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহার করে ভবিষ্যতে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হতে পারে। এই প্রক্রিয়ায় প্রায় ৩ কোটি মানুষের একটি বৃহৎ ডেটাবেস সরকারের হাতে আসতে পারে বলে জল্পনা।
অন্নপূর্ণা ভাণ্ডার
রাজ্যে বিজেপি আসার পর যেকটি প্রকল্প নিয়ে চর্চা হয়েছে তারমধ্যে সবথেকে আলোচিত বিষয় হল অন্নপূর্ণা ভাণ্ডার। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আমলে লক্ষ্মীর ভাণ্ডার যেমন জনপ্রিয় প্রকল্প ছিল শুভেন্দু অধিকারীর জমানায় তেমনই জনপ্রিয় প্রকল্প হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার।

মহিলাদের হাতে টাকা
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের হাতে মাসে মাসে তিন হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। তবে সকলকে টাকা দেওয়া হবে না। যোগ্য মহিলারাই টাকা পাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণার ভাণ্ডার
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পই অন্নপূর্ণা যোজনা হয়েছে। ইতিমধ্যেই কিছু মহিলা টাকা পেয়েছেন। পাশাপাশি অনলাইন ও অফলাইনে ফর্ম ফিলআপ-এর কাজও চলছে।
লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনা: কী বদলাল?
আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা মাসে দেড় হাজার টাকা পেতেন, যা অন্নপূর্ণা যোজনায় বেড়ে তিন হাজার টাকা করা হয়েছে। এর জন্য এখন ১২ পাতার একটি ফর্ম পূরণ করতে হচ্ছে আবেদনকারীদের। প্রথমদিকে এই দীর্ঘ ফর্ম নিয়ে মানুষের মধ্যে ধন্দ ও বিতর্ক তৈরি হলেও, পরে আবেদনের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে।
আবেদনের পরিসংখ্যান
২৭ মে থেকে অন্নপূর্ণা যোজনার আবেদন গ্রহণ শুরু হওয়ার পর মাত্র ১৬ দিনে প্রায় ৯০ লক্ষ আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৬১ লক্ষেরও বেশি আবেদন এসেছে অনলাইনে। এই বিপুল সংখ্যক আবেদনই রাজ্য সরকারের একটি বড় পরিকল্পনার অংশ বলে মনে করা হচ্ছে।
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মের গুরুত্ব
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মেই রয়েছে আসল চমক। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মের মাধ্যমে আবেদনকারীদের পাশাপাশি তাদের পরিবারের সম্পূর্ণ তথ্য সংগ্রহ করছে রাজ্য সরকার। আর সেই কারণেই পোর্টালের নাম 'ফ্যামেলি লেভেল ডেটা কারেকশন পোর্টাল। ওয়েবসাইট ঠিকানা হল socialregistry.wb.gov.in।
রাজ্য সরকারের উদ্দেশ্য
নবান্ন সূত্রের খবর, সরকার এই ফর্মের মাধ্যমে রাজ্যের নাগরিকদের একটি বিশাল, সুসংগঠিত ডেটাবেস তৈরি করছে। যা রাজ্যের সুরক্ষা আর নাগরিকদের পরবর্তীকালে কাজে লাগে। আর সেই কারণেই বেছে নেওয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পকে।
ডেটাবেস দিয়ে কী হবে?
এই তথ্যভাণ্ডারের লক্ষ্য হল রাজ্যবাসীর একটি স্বচ্ছ ডেটা ব্যাংক তৈরি করা, যাতে ভবিষ্যতে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে নাগরিকদের আর নতুন করে নথিপত্র জমা দিতে না হয়। এই তথ্যপঞ্জির ভিত্তিতেই কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনো প্রকল্পে আবেদনকারীর যোগ্যতা যাচাই করা হবে।
রাজ্যের হাতে কত মানুষের তথ্য?
এখনও পর্যন্ত রাজ্যের মানুষের হাতে এসেছে ৯০ লক্ষ আবেদনপত্র। ৯০ লক্ষ আবেদনের মাধ্যমে সরকারে হাতে পেয়েছে ২ কোটি ৯২ লক্ষ ৬৩ হাজার মানুষের তথ্য। অর্থাৎ প্রায় ৩ কোটি মানুষের তথ্য পেয়েছে প্রথম দফায়।
কেন টার্গেট মহিলারা?
সরকারের ধারণা, অন্নপূর্ণা যোজনায় রাজ্যের সিংহভাগ মহিলাই আবেদন করবেন। ফলে একজন মহিলার আবেদনের মাধ্যমেই তাঁর পরিবারের বাকি সদস্যদের তথ্যও পাওয়া সম্ভব হবে—যা ডেটাবেস তৈরির সবচেয়ে কার্যকর উপায়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

