BJP: এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষণার পরেই রাজ্যের একাধিক প্রান্তে বিক্ষোভ দেখা যাচ্ছে। একাধিক প্রার্থীকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিজেপি কর্মীরা। দলীয় নেতৃত্ব এই বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা শুরু করেছেন। কর্মীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।

DID YOU
KNOW
?
২৩ এপ্রিল ভোট
পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে ২ দফায় ভোটগ্রহণ হতে চলেছে। প্রথম দফায় ভোট ২৩ এপ্রিল। সেদিনই ময়নাগুড়িতে ভোটগ্রহণ করা হবে।

BJP West Bengal: জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়িতে (Maynaguri) বিজেপি প্রার্থী কৌশিক রায়ের বিরুদ্ধে ক্ষোভ। ময়নাগুড়ি টাউন বিজেপি দফতরে ক্ষোভ উগরে দিলেন দলীয় কর্মীরা। ময়নাগুড়িতে দ্বিতীয়বার বিজেপি প্রার্থী করা হয়েছে কৌশিককে। কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ দলীয় কর্মীদের একাংশ। শুক্রবার ময়নাগুড়িতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) নামাঙ্কিত 'অটল ভবন'-এ জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি শ্যামল রায়ের এবং জেলা নেতৃত্বের সামনেই বিজেপি মন্ডল সভাপতি, বুথ সভাপতি-সহ বিজেপি-র মহিলা সদস্যরা এবং অন্যান্য কর্মীরা। তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন। সেই সঙ্গে তারা স্লোগান দিতে থাকেন, বিজেপি-র প্রার্থী কৌশিকের নাম বাতিল করতে হবে। না হলে তাঁরা কৌশিকের হয়ে কোনও কাজ করবেন না বলে হুঁশিয়ারিও দিয়েছেন।

বিজেপি জেলা সভাপতিকে ২৪ ঘণ্টা সময়

প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিজেপি জেলা সভাপতিকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন ময়নাগুড়ির নেতা-কর্মী-সমর্থকরা। সেই সঙ্গে তাঁরা বলেন, দল না ছাড়লেও তাঁরা ময়নাগুড়ির প্রার্থীর হয়ে কোনও কাজ করবেন না। দরকার হলে তাঁরা অন্য জায়গায় কাজ করবেন। তাঁদের অভিযোগ গত পাঁচ বছরে কৌশিক বিধায়ক হয়ে কোনও কাজ করেননি। সেই সঙ্গে দলের সঙ্গে কোনও সুসম্পর্ক রাখেননি। এই অবস্থায় নেতৃত্বরা এবং কর্মীরা তাঁর হয়ে ভোট চাইতে গেলে অস্বস্তিতে পড়বেন বলে দাবি করেন বিজেপি নেতা-কর্মীরা। এই অবস্থায় তাঁদের একটাই দাবি এবং অভিযোগ , বর্তমান বিধানসভার মনোনীত প্রার্থী কৌশিককে এই প্রার্থী তালিকা থেকে বাদ দিতে হবে। প্রার্থীর নাম বদল করতে হবে।। সেই সঙ্গে তাঁরা বলেন এই প্রার্থী নিয়ে তাঁরা ভোটে জয়ী হতে পারবেন না। তাঁদের বিশ্বাস, তাঁরা কৌশিককে বাদ দিয়ে যে কোনও দলীয় সদস্যকে প্রার্থী করলে ভোটে জেতার সম্ভাবনা ১০০ শতাংশ।

কী সিদ্ধান্ত নেবে বিজেপি?

নেতা-কর্মীদের বিক্ষোভ প্রসঙ্গে জলপাইগুড়ি বিজেপি জেলা সভাপতি শ্যামল বলেন, 'বিষয়টি জানলাম।' তিনি আরও বলেছেন, দলের নেতা-কর্মীদের যে অভিযোগ রয়েছে তা তিনি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। এরপর সিদ্ধান্ত জানানো হবে। এই মুহূর্তে তিনি এই বিষয়ে কিছু বলতে পারবেন না বলে সাংবাদিকদের জানিয়ে দেন শ্যামল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।